
আনুষ্ঠানিক উদ্বোধনের সাত বছর পরও ঢাকা কেন্দ্রীয় কারাগারের জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর পূর্ণাঙ্গ রূপ পায়নি। এমনকি জাদুঘরের ব্যবস্থাপনার দায়িত্ব কার, তারও সুরাহা হয়নি। গত বছর কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরের পর বলা হয়েছিল, সেখানে অবস্থিত বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর ও চার নেতা স্মৃতি জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
শহীদ তাজউদ্দীন আহমদের মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি, এ এইচ এম কামারুজ্জামানের মেয়ে রওশন আক্তার রুমি এবং মনসুর আলীর ছেলে রেজাউল করিম রেজা গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। তাঁরা লক্ষ করেন, ঘাতকেরা যেখান দিয়ে ঢুকেছিল, সেখানে রান্নাঘরের পাশে আগের মতোই একটি আমগাছ আছে। এই গাছের নিচে ঘাতকেরা এবং ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সেই গাছটি চিহ্নিত করা নেই।
ওই তিনজনের দুঃখ হলো, ভাস্কর্যগুলো ঝাউসহ বিভিন্ন গাছগাছালিতে অনেকটা ঢাকা পড়ে আছে। শহীদদের নামফলকগুলোও ভালোভাবে পড়া যায় না। অথচ ভাস্কর্যের সামনের দিক পরিষ্কার রাখার রীতি বিশ্বের সর্বত্রই অনুসরণ করা হয়।
জানতে চাইলে সিমিন হোসেন রিমি প্রথম আলোকে বলেন, ‘চারটি পান্থপাদব (মরুভূমির উদ্ভিদ) ছিল। দেখলাম, পরিচর্যার অভাবে এর একটি প্রায় মরতে বসেছে। আমরা যখন ফিরছিলাম, তখন ডেপুটি জেলারের সঙ্গে দেখা। তাঁকে এসব জানানো হলে তিনি বিষয়গুলো দেখবেন বলে আশ্বস্ত করলেন। বললেন, গাছের পরিচর্যা নিতে তিনি বলে দেবেন।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য অপেক্ষা নয়। চার নেতা স্মৃতি জাদুঘর জনগণের জন্য অবিলম্বে খুলে দেওয়া হোক।
গতকাল সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, এলাকাবাসী যাঁরা বহুকাল অপেক্ষা করেছেন, কারাগারের ভেতরে প্রবেশ করে একবার নিজেদের চোখে জাতির বেদনাবিধুর ঐতিহাসিক স্মৃতিচিহ্ন প্রত্যক্ষ করবেন, তাঁদের অপেক্ষার প্রহর কবে শেষ হবে, তা তাঁদের জানা নেই।
এক কোণে একটিমাত্র গোলাপগাছ চোখে পড়ল। কিন্তু সেটি জীর্ণশীর্ণ, পোকায় কাটা। এটাই যেন সাক্ষ্য দিচ্ছে, কারাগারে জাতীয় চার নেতার জাদুঘরটি কতটা অযত্নে-অনাদরে পড়ে আছে। তবে জাদুঘর চত্বরে শোভাবর্ধনকারী ১২টি রঙ্গন ফুলের গাছ গাঢ় লাল ছড়িয়েছে। চার নেতার কক্ষের সামনে থাকা এই রক্তিম আভাই গতকাল চোখে পড়েছে বেশি। হত্যার পর যেখানে তাঁদের মরদেহ রাখা হয়েছিল, তার সামনে নজরে এল ঝরে পড়া শিউলির সমারোহ। আর জাদুঘরের পেছন দিয়ে চলাচলের পরিবেশও নেই, সেখানে জঞ্জাল। আর এক পাশে এক চিলতে ঘাসেরও দেখা নেই, খাঁ খাঁ করছে।

চার নেতা কারা স্মৃতি জাদুঘরের সামনে তৈরি করা চার নেতার ভাস্কর্য ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। পাশাপাশি এক জোড়া খাটের একটি এবং এক খাটের দুটি কক্ষ নিয়ে আলাদা ভবন। খাটগুলোকে পুরু কাচের বাক্সে বন্দী করা হয়েছে। আর তিনটি কক্ষেরই দেয়ালে রয়েছে কিছু ঐতিহাসিক আলোকচিত্র। লোহার রডে চারটি গুলির চিহ্ন শুধু চোখে পড়ল শহীদ তাজউদ্দীন আহমদ ও শহীদ সৈয়দ নজরুল ইসলামের কক্ষে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর আততায়ীরা চার নেতাকে হত্যা করেছিল।
চার নেতার জাদুঘরের রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়ার ভার কার, তা নিয়ে দ্বিমুখী ভাষ্য পাওয়া গেছে। মুঠোফোনে জানতে চাইলে পুরান ঢাকার কারাগার প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এর দায়িত্বে আছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। আমরা শুধু এর নিরাপত্তার দিকটি দেখছি।’
কারা ফটকের রক্ষীরা বলেছেন, জনসাধারণের জন্য এটা কখনো উন্মুক্ত করা হয়নি।
রক্ষণাবেক্ষণের জন্য বাজেট কত, সার্বক্ষণিক কোনো পরিচর্যাকারী নেই কেন—জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এটা জাদুঘর বলতে পারবে। তিনি তথ্য দেন, জাতীয় জাদুঘরের পরিচালক স্বপন কুমার বিশ্বাস এর দায়িত্বে আছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে স্বপন কুমার বিশ্বাস বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, চার নেতার জাদুঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাদুঘরকে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ২০১৩ সালে একটি চিঠি তাঁরা পেয়েছিলেন। কিন্তু তারপর কোনো অগ্রগতি ঘটেনি।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী প্রথম আলোকে বলেন, জাদুঘরের ভেতরে আলোকচিত্রসহ কী কী বিষয় রয়েছে, তার কোনো ইনভেন্টরি তাঁরা করতে পারেননি। কারণ, এর নিয়ন্ত্রণ তাঁদের হাতে নেই। তিনি বলেন, ‘প্রতিবছর অক্টোবর মাসের শেষ সপ্তাহে আমাদের কাছে চিঠি দিয়ে কিছু কাজ করতে বলা হতো। আমরা সেটা করে দিয়েছি। এবার সেই চিঠিও অসেনি। কিন্তু আমরা নিজ উদ্যোগেই কিছু কাজ করেছি। এ জন্য আলাদা কোনো বাজেট নেই।’
পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের ৩৬ একর জমিতে একটি মহাপরিকল্পনার আওতায় জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘরের উন্নয়ন পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ইতিহাসবিদ মুনতাসীর মামুন অবশ্য মনে করেন, চার নেতার জাদুঘর অনাদরে রয়েছে, এভাবে দেখা সমীচীন নয়। কারণ, মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে চার নেতা, বঙ্গবন্ধুর সেল, ফাঁসির মঞ্চ প্রকল্পের বাস্তবায়ন আশা করা হচ্ছে।