দেখা করা নিয়ে যেন নোংরা রাজনীতি না হয়: শিমুল বিশ্বাস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেখা করা নিয়ে যেন নোংরা রাজনীতি না হয় বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তাঁর শোকাহত মা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেট থেকে ফিরে যাওয়ার পর আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তিনি ওই মন্তব্য করেন।
খালেদা জিয়ার বিশেষ সহকারী বলেন, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার দেখা করা নিয়ে যেন রাজনীতি না হয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের সঙ্গে আমি সাতটা ১০ মিনিটে কথা বলি। তাঁকে বলি যে, বিএনপি চেয়ারপারসন অসুস্থ, তাঁকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তার পরও প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে এসেছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ।’
শিমুল বিশ্বাস বলেন, বিএনপির নেত্রী অসুস্থ থাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। এরপর তিনি (প্রধানমন্ত্রী) যখনই আসবেন, তখনই বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এটা নিয়ে যেন নোংরা রাজনীতি না হয়।