দেখা থেকে আঁকা নিয়ে সিলেটে শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গতকাল সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিল্পকর্ম দেখতে ভিড় করে l ছবি: প্রথম আলো
সিলেটে গতকাল সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিল্পকর্ম দেখতে ভিড় করে l ছবি: প্রথম আলো

সিলেটের জলার বন রাতারগুল। দেখা থেকে লেখা নয়, এঁকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তুলেছে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া শিক্ষার্থী সাদিয়া সুলতানা। আছে নতুন নির্মিত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। এঁকেছে দশম শ্রেণির ছাত্রী মেহজাবিন মুনতাহার মুনিয়া।
এভাবে শুধু প্রকৃতি বা ঐতিহ্যবাহী স্থাপনার অঙ্কনচিত্র নয়, আছে কৃতী ব্যক্তিত্বের মুখও। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের মুখাবয়ব থেকে শুরু করে চে গুয়েভারার বিপ্লবী মুখচ্ছবিও দেখা থেকে আঁকা।
এসব নিয়ে সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা ‘প্রথম শিল্পকর্ম ২০১৬’। গতকাল রোববার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চলবে কাল মঙ্গলবার পর্যন্ত। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্র জানায়, শিক্ষার্থীদের সৃজনশীল মনন গঠনে চারুকলা বিভাগের তত্ত্বাবধানে এ চিত্রকর্ম গত প্রায় ছয় মাসের চেষ্টায় সম্পন্ন করা হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে চারুকলা বাধ্যতামূলক পাঠ হওয়ায় শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরে আঁকাআঁকির প্রেরণায় এ আয়োজন করা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৪৫ জন শিক্ষার্থীর আঁকা ১৬২টি চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী।
সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের চারুকলার শিক্ষক চিত্রশিল্পী সুভাস চন্দ্র নাথ শিল্পকর্ম প্রদর্শনীর তত্ত্বাবধান করেছেন। আয়োজক কমিটির আহ্বায়ক মো. কবির খান জানান, এ শিল্পকর্মের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সৃজনশীলতার আরেক পাঠ নিয়েছে। সিলেটের যেসব দর্শনীয় স্থাপনার ছবি আঁকা হয়েছে, সেগুলোতে গিয়ে নিজ চোখে দেখে তারপর ছাত্রীরা এঁকেছে।
প্রথম শিল্পকর্ম প্রদর্শনী হওয়ায় পুরো শিক্ষাপ্রতিষ্ঠান উৎসবের সাজে সাজানো হয়েছে। গতকাল সকালে শিক্ষামন্ত্রী সেখানে গেলে তাঁকে জলরঙে আঁকা একটি প্রতিকৃতি দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষামন্ত্রী পুরো প্রদর্শনীস্থল ঘুরে দেখেন। আঁকিয়ে ছাত্রীদের সঙ্গেও একান্তে কথা বলেন।
উদ্বোধনী বক্তৃতায় শিক্ষামন্ত্রী ছাত্রীদের নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর ৩ অক্টোবর হামলার ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ‘খাদিজার ওপর হামলাকারী বদরুল একটা লম্পট। লম্পট বদরুলদের প্রতিরোধ ও প্রতিহত করতে শিক্ষা-পরিবার ঐক্যবদ্ধ আছে। আর যাতে এ রকম ঘটনা না ঘটে, এ জন্য আগামীকাল (১৮ অক্টোবর) দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালন করা হবে।’
সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আহমদ কবীর, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আইনজীবী মোহাম্মদ আব্বাছ উদ্দিন এবং আয়োজকদের পক্ষে মো. কবির খান বক্তব্য দেন।