দেখা মেলেনি সূর্যের, তবু সৈকতে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের শেষ সূর্যাস্তের দৃশ্য দেখতে গতকাল বুধবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ছিল পর্যটকের উপচে পড়া ভিড়। কিন্তু দেখা মেলেনি সূর্যের। সকাল থেকেই কুয়াশায় ঢাকা ছিল আকাশ। বছরের শেষ সূর্যাস্তের দৃশ্য দেখতে না পেয়ে হতাশ লাখো পর্যটক।
গতকাল বিকেল পাঁচটায় সৈকতে গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক পর্যটক লাবণী পয়েন্টের বালুচরে দাঁড়িয়ে আছেন সূর্যের প্রতীক্ষায়।
রাজধানীর পল্লবী থেকে আসা কলেজছাত্রী সাইমা জান্নাত বলেন, ‘২০১৪ সালের শেষ সূর্যকে বিদায় এবং ২০১৫ সালের প্রথম সূর্যকে বরণ করতেই পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজার ছুটে আসা। কিন্তু সূর্যকে বিদায় জানাতে না পেরে আমরা হতাশ। নতুন সূর্যকে বরণ করতে না পারলে মন আরও খারাপ হবে।’
নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, হরতাল দিয়ে বছর শুরু হচ্ছে। তাই নতুন বছর ভালো হওয়ার আলামত দেখা যাচ্ছে না।
চট্টগ্রামের বকশীবাজারের ব্যবসায়ী কেফায়েত উল্লাহ বলেন, ‘বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে পারিনি, তাকে কী? থার্টি ফার্স্ট নাইটের আয়োজন তো আছে।’
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, এবারের থার্টি ফার্স্ট নাইটে সৈকতে আড়াই লাখ পর্যটক সমবেত হবেন বলে আশা ছিল তাঁদের। কিন্তু টানা দুই দিনের হরতালের কারণে ৪০ হাজারের বেশি পর্যটক কক্সবাজার পৌঁছাতে পারেননি। এ কারণে চার শতাধিক হোটেল মালিক ক্ষতিগ্রস্ত।
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সৈকতের লাবণী পয়েন্টে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয় দেশ টিভির লাইভ কনসার্ট। এতে গান পরিবেশন করে ব্যান্ডদল এলআরবি, দলছুট ও ফিডব্যাক। এ ছাড়া হায়দার হোসেন ও শাহনাজ বেলীও সংগীত পরিবেশন করেন।
খানিকটা দূরে ছিল ‘কাউন্ট ডাউন টু নাইট’ নামে এসএটিভির অনুষ্ঠান। মন্টি, তামিম, জুয়েল, বৃষ্টিসহ অনেকে সেখানে গান পরিবেশন করেন।
পেঁচারদ্বীপ ইকোট্যুরিজম পল্লি মারমেইড বিচ রিসোর্ট, শহরের তারকা হোটেল ওশান প্যারাডাইস, লং-বিচ হোটেল, সি-গাল, হোটেল কক্স-টু ডেসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল নানা আয়োজন।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে ও মাদকের ছড়াছড়ি বন্ধে পুলিশ তৎপর।