দেখা হলো ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোপলিটন শিল্প ও বণিক সমিতি বা এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্রদর্শনীরও আয়োজন করা হয়। সেখানে অন্যান্য সামগ্রীর পাশাপাশি রয়েছে চরকা l ছবি: প্রথম আলো
মেট্রোপলিটন শিল্প ও বণিক সমিতি বা এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্রদর্শনীরও আয়োজন করা হয়। সেখানে অন্যান্য সামগ্রীর পাশাপাশি রয়েছে চরকা l ছবি: প্রথম আলো

‘বিশ্ববিখ্যাত কোমলপানীয় পেপসি এখন চট্টগ্রামে’, ‘বাটার নতুন উপহার “স্যান্ডাক” সুন্দরীদের পছন্দ’ কিংবা ‘সিঙ্গার ভিসিপি ক্যাসেট প্লেয়ার দেখার এক ভিন্ন জগৎ’—দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পুরোনো এমন অনেক বিজ্ঞাপন হয়তো ওই সময় ভোক্তাদের আকৃষ্ট করায় সফলতা পেয়েছিল। কিন্তু বর্তমান সময়ে সেগুলো দেখে দর্শনার্থীদের মনে প্রশ্ন জাগছে, ‘এমনও বিজ্ঞাপন হতো?’।
মেট্রোপলিটন শিল্প ও বণিক সমিতির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার আয়োজন করা হয় দিনব্যাপী অতীত ঐতিহ্য প্রদর্শনীর। প্রদর্শনীতে এসে দর্শনার্থীরা অবাক হয়ে দেখছিলেন বাতিল হয়ে যাওয়া পুরোনো দিনের নিত্য ব্যবহৃত আসবাব থেকে শুরু করে সে সময়ের বিলাসবহুল গাড়ি।
‘ফিয়াট-১৯২৯’ লাল রঙের গাড়িটি একসময় ছিল রাস্তার রাজা। কুমিল্লা ক-১১৩ নাম্বার প্লেটের গাড়িটি বিচরণ করত পথেঘাটে। ফিয়াট কোম্পানির তৈরি গাড়িটির জন্ম ১৯২৯ সালে। আধুনিক মোটরগাড়ির দাপটে এটিই পরিণত হয়েছে অতীত ঐতিহ্যে, প্রদর্শিত হচ্ছে দর্শনার্থীদের জন্য।
প্রদর্শনীতে ফিয়াট-১৯২৯ গাড়ি, পুরোনো কতগুলো বিজ্ঞাপনসহ ৩০টি ঐতিহ্য স্থান পেয়েছে। এর মধ্যে আছে বাংলাদেশের ঐতিহ্য মসলিন কাপড়, সিন্দুক, দেশের নৌপথে চলাচলকারী বিভিন্ন ধরনের নৌকার ছোট ছোট নকশা। প্রদর্শনীতে ছিল একসময় অফিশিয়াল কাজে অপরিহার্য কিন্তু সাম্প্রতিক সময়ে বাতিলের খাতায় চলে যাওয়া পুরোনো মডেলের কম্পিউটার, টাইপরাইটার, ফ্যাক্স মেশিন।
এ ছাড়া গ্রামোফোন, পেন্ডুলাম ঘড়ি, ক্যামেরা, সিন্দুক, তামার তৈরি বিভিন্ন সামগ্রী, দিকনির্দেশক কম্পাস, নানান দেশের স্ট্যাম্প, বাণিজ্যিক সেলাই মেশিন, দোয়াত-কলম, কলমদানি, কয়েন সংগ্রহের বক্স ও কয়েন, রেডিও, ওজন যন্ত্র, সিরামিকের তৈরি তৈজসপত্র প্রদর্শিত হয়। প্রদর্শনীটি ছিল সবার জন্য উন্মুক্ত।
ঘুরে ঘুরে এসব ঐতিহ্য দেখতে দেখতে দুই বান্ধবী রওনক জাহান ও শারমিন আকতার বললেন, ‘একসময় এগুলোই ছিল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। কিন্তু বর্তমানে এগুলোর দেখা পাওয়া যায় না। প্রদর্শনীতে এসে একসঙ্গে এতগুলো পুরোনো জিনিস দেখতে পেলাম।’