দেখা হলো কথা হলো, ছোঁয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝখানে কাঁটাতারের বেড়া, দুই দিকে দুই বাংলার মানুষ
মাঝখানে কাঁটাতারের বেড়া, দুই দিকে দুই বাংলার মানুষ

ওই তো, দেখা যাচ্ছে আপনজনকে। কিন্তু ছোঁয়া যাচ্ছে না, কাছে টানার উপায় নেই। কারণ মাঝখানে কাঁটাতারের বেড়া। এভাবে আপনজনের সাক্ষাতে আজ বৃহস্পতিবার হাজারো মানুষের সমাবেশ ঘটে বাংলাদেশ ও ভারতের সীমান্তে। এপারে চিলাহাটি, ওপারে হলদিবাড়ি। দুই প্রান্তে দাঁড়িয়ে স্বজনেরা পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। একে অপরের খোঁজখবর নেন।
দীর্ঘদিন পর স্বজনের দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ কয়েক ঘণ্টার জন্য এই দুই দেশে বাস করা স্বজনদের সাক্ষাতের এ সুযোগ করে দেয়।
চতুর্থ দফায় আজ বৃহস্পতিবার বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকদের সে দেশে পাঠানোর সময় চিলাহাটি-হলদিবাড়ি সীমান্তে হাজারো মানুষের এই মিলনমেলা ঘটে।
স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ঝারপাড়া গ্রামের স্কুলশিক্ষক তসকিন সরকার বলেন, আমার নানা-নানি থাকেন ভারতে, আমরা বাংলাদেশে। ৩০ বছর পর নানা-নানির সঙ্গে দেখা হলো। চিৎকার করে কথাও হলো, কিন্তু কেউ কাউকে ছুঁয়ে দেখতে পারলাম না। এরপরও দেখা হলো, এতেই খুশি। তিনি বলেন, আমাদের বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব সর্বোচ্চ ১৫ কিলোমিটার। কিন্তু কাঁটাতারের বেড়ার কারণে ৩০ বছর ধরে নানা-নানির সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তসকিনের নানা আমিনার রহমান ভারতের হলদিবাড়ি থানার হেমকুমারী গ্রামে থাকেন।
স্বজনদের সঙ্গে দেখা করতে আসা মির্জাগঞ্জ গ্রামের রশিদুল ইসলাম বলেন, সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত দেখা করার সুযোগ ছিল। এ সময় সেখানে দুই দেশের হাজারো মানুষের মিলন মেলা ঘটে।

ওই সীমান্ত দিয়ে পঞ্চগড় জেলার বিলুপ্ত দহলা খাগড়াবাড়ী ও দইখাতা ছিট মহলের ২১টি পরিবারের ১০৫ জন সদস্য স্থায়ীভাবে ভারতে চলে যায়।