দেখার পর সিদ্ধান্ত দেবেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভিতে প্রচারিত দুই বিচারপতির কথোপকথনের কথিত রেকর্ড এবং এ-সংক্রান্ত অনুষ্ঠানের ভিডিও দেখার পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল মঙ্গলবার এ বিষয়টি আদেশের জন্য ছিল। তবে আদালত জানান, এটি (৭১ টিভির ভিডিও-অডিও) এখনো দেখার সুযোগ হয়নি। দেখার পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদেশের জন্য দিন ধার্য করার আর্জি জানান। তিনি বলেন, যেদিন ৭১ টিভির অডিও-ভিডিও জমা দেওয়া হয়েছে, সেদিনও আদালতের বিভিন্ন বিষয় নিয়ে টক শো হয়েছে।
এ সময় প্রধান বিচারপতি বলেন, যে যত ক্ষমতাশালীই হোক, আইনের শাসনের প্রতি তাঁর সম্মান থাকা উচিত।...এই প্রতিষ্ঠান যদি ব্যর্থ হয়, তাহলে আর কিছুই থাকে না। রাষ্ট্রে নৈরাজ্য তৈরি হবে। চুরি যেমন অপরাধ, তেমনি এ ধরনের কাজ করাও অপরাধ।
যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘সেখানেও বিচারাধীন বিষয় নিয়ে কেউ সমালোচনা করে না। বিশ্বের কোথাও করে না। রায়ের পর গঠনমূলক সমালোচনা করা যায়। এটাও যদি না বোঝেন, তাহলে আর কী করা যাবে।’
১০ আগস্ট রাতে ৭১ টিভির খবর ও টক শোতে দুই বিচারপতির কথিত কথোপকথনের রেকর্ড প্রচার করা হয়।