দেড় কিলোমিটার দীর্ঘ প্রভাতফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রভাতফেরিটি ছিল প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ। বিদ্যালয়ের শহীদ মিনারে ফুলের মালা দিয়ে তারা দুই গ্রামের পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে প্রভাতফেরিটি সম্পন্ন করে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকাল সাড়ে সাতটার দিকে প্রাত্যহিক সমাবেশ শেষ করে প্রভাতফেরি শুরু করে। এটি বরুমচড়া-ছমদিয়া-বরুমচড়া রাস্তার মাথা, পিএবি সড়ক ও তৈলারদ্বীপ সরকারহাট হয়ে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা দুই সারিতে এই প্রভাতফেরি করে।
প্রভাতফেরি সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষার্থী সালমা খানম বলে, ‘ভাষাশহীদেরা আমাদের জন্য বিশাল আত্মত্যাগ করে গেছেন। তাই প্রভাতফেরিতে অংশ নিলে মনটা ভালো হয়ে যায়।’
নঈম উদ্দিন জানায়, ‘ভাষাশহীদের কারণে আজ বাংলা ভাষা সারা বিশ্বের। তাই এটি আমাদের জন্য গর্বের। এ জন্য প্রভাতফেরিতে আসি, স্লোগান ধরি।’
তৈলারদ্বীপ সরকারহাটের ব্যবসায়ী শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘বরুমচড়া গ্রামের বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রভাতফেরি করে আমাদের গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় আমাদের ভালো লাগে।’
বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর একুশের সময় আমরা প্রভাতফেরির আয়োজন করি। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ শেখানোই মূল লক্ষ্য।’
প্রভাতফেরি শেষে বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক আমিরুজ্জমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা সংসদের সদস্য আবু মুছা চৌধুরী ও বাবুল চন্দ্র শীল। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক পিংকু পালিত, জ্যেষ্ঠ শিক্ষক প্রিয়তোষ গুহ, সঞ্জিব সিংহ, মনজুর আলম, আবদুল হালিম চৌধুরী, জাহাঙ্গীর আলম ও জেনু আকতার।