রংপুরে দেড় কিলোমিটার এলাকাজুড়ে নগরবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। চার লেন সড়ক প্রশস্তকরণে শহরের প্রাণকেন্দ্র রাজা রামমোহন বিপণিবিতান থেকে শাপলা চত্বর পর্যন্ত নির্মাণকাজে ধীরগতির কারণে এই দুর্ভোগ দেখা দিয়েছে।
শহরের এই দেড় কিলোমিটার সড়কে ছোট-বড় আটটি বিপণিবিতান রয়েছে। সরকারি-বেসরকারি ব্যাংক-বিমাসহ অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান শহরের এই এলাকায় রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ এলাকায় কয়েক হাজার মানুষকে ছুটতে হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় মাস আগে রাজা রামমোহন বিপণিবিতানের সামনে থেকে পায়রা চত্বর পর্যন্ত ব্যবসায়ীরা নিজ উদ্যোগে সড়কের দুই পাশের স্থাপনা ভাঙলেও সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়নি। ফলে এই আধা কিলোমিটার পথ হাঁটতেও লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া পায়রা চত্বর থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কের দুই পাশের স্থাপনা এখনো ভাঙা হয়নি। তার পরও সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি বসানো রয়েছে। এ কারণে সড়কে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। শহরের বেতপট্টি মোড়ের একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা আফসানা জাহান বলেন, এ এলাকায় কাজ করতে আসা মানে দিন শেষ।
স্কুলশিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, সড়ক প্রশস্তকরণের কাজে ধীরগতির কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে।
সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে কেনাকাটা করতে আসা বেশ কয়েকজন তাঁদের দুর্ভোগের কথা জানান। শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ভবন ভাঙার কথা জানিয়ে শুধু শুধু সময়ক্ষেপণ করছেন। মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে সব ব্যবসায়ীকে জানানো হলেও তাঁরা ভবন ভাঙার কাজে দেরি করছেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, দরপত্র অনুযায়ী শহরের মোট ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজে মোট নির্মাণব্যয় ধরা হয়েছে ১২৬ কোটি ৫৮ লাখ টাকা। জমি অধিগ্রহণ, দোকানপাট, বাড়িঘর ভাঙার ক্ষতিপূরণ, বিদ্যুৎ, টেলিফোনের খুঁটি অপসারণ এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানির পাইপলাইন স্থানান্তরসহ সড়ক প্রশস্তকরণে এই ব্যয় ধরা হয়েছে। আড়াই বছর পেরিয়ে গেলেও মোট কাজের মাত্র ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত আড়াই বছরে ৭৪ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ২০১০ সালের নভেম্বর মাসে চার লেন সড়ক প্রশস্তকরণ কাজের দরপত্র অনুযায়ী, একই বছরের ডিসেম্বরে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চার লেন সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু আড়াই বছরে কাজের মাত্র অর্ধেক সম্পন্ন হয়েছে। তবে শহরের মূল অংশে কাজের কোনো অগ্রগতি নেই। বেসিক আইএএসএইচ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক তারিক হাসান বলেন, ‘কাজ শুরুর পর নির্মাণসামগ্রী বিটুমিন ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় এ কাজে অনেক ক্ষতি হবে বলে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি।’ অপর ঠিকাদার মইনুল ইসলামও কাজে ধীরগতির জন্য একই কারণ উল্লেখ করেন।
রংপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম মূল শহরের স্থাপনা ভাঙা নিয়ে বিলম্ব হওয়ায় নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, এই স্থানটুকুর কাজ এখনো শুরু করা হয়নি। স্থাপনা ভাঙা নিয়ে কালক্ষেপণ ও দুজন ঠিকাদার কাজ বন্ধ করে দেওয়ায় নির্মাণকাজ ধীরগতিতে চলছে।