দেড় কিলোমিটারে শতাধিক গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান সড়কের (বরইতলী-মগনামা) পেকুয়া চৌমুহনী থেকে পেকুয়া বাজার পর্যন্ত দেড় কিলোমিটার অংশে শতাধিক গর্ত তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহনের চালকেরা।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, পেকুয়া বাজারের পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে চারটি বড় গর্ত। বৃষ্টির কারণে গর্তগুলো যেন ডোবায় পরিণত হয়েছে। গর্তের ওপর দিয়ে হেলেদুলে গাড়ি চলছে। এর আরেকটু পূর্বে ফাঁসিয়াখালী সেতুর সামনে একটি ট্রাককে গর্তে আটকা পড়ে থাকতে দেখা যায়। গর্তের ওপর দিয়ে গাড়ি যাওয়ার সময় সড়কের দুই পাশের দোকানে ছিটকে ময়লা পানি ঢুকছে। এ ছাড়া বাজারের পূর্ব পাশে বিএনপির কার্যালয়ের সামনে, বিশ্বাসপাড়া এলাকা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বর্ষা শুরুর আগে থেকেই সড়কের অবস্থা নাজুক ছিল। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সড়কের গর্তগুলো বড় হতে থাকে। গর্তে পড়ে গাড়ি নষ্ট হয়ে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।
পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহাদুর শাহ প্রথম আলোকে বলেন, পেকুয়ার প্রধান সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন। এ সড়ক দিয়ে পেকুয়ার মানুষ ছাড়াও কুতুবদিয়ার জনসাধারণ যাতায়াত করে। এ ছাড়া পেকুয়া বাজারটি উপকূলীয় অঞ্চলের প্রধান বাজার। এ বাজারে মহেশখালী, বাঁশখালী ও কুতুবদিয়ার লোকজন কেনাকাটা করতে আসেন। অথচ এ বাজারের প্রধান সড়কটি বেহাল হয়ে পড়ে আছে।
বাসচালক রেজাউল করিম বলেন, পেকুয়ার প্রধান সড়কে গাড়ি নিয়ে ঢুকতে মন চায় না। অনেক সময় গর্তে পড়ে গাড়ি নষ্ট হয়ে যায়। তখন দুর্ভোগের সীমা থাকে না।
বরইতলী-মগনামা সড়ক টেম্পো, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক বলেন, এ সড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। বেহাল সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি।
পেকুয়া বাজারের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, সড়ক বেহাল হওয়ায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান বলেন, সড়কটি যেন ডোবায় পরিণত হয়েছে। সড়কের অবস্থা সম্পর্কে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ শহিদুল আলম বলেন, বৃষ্টিতে কাজ করা সম্ভব হচ্ছে না বলে সড়কটি বেহাল হয়েছে। শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।