নড়াইলে ইসলামী জনকল্যাণ সংস্থা নামের একটি বেসরকারি সংস্থা ভোক্তা প্রকল্পের শতাধিক বিনিয়োগকারীর প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এক বিনিয়োগকারী গত ১৫ সেপ্টেম্বর নড়াইল মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই সংস্থার সাতজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।
আসামিরা হলেন নড়াইল জেলা জামায়াতের আমির নুরুন্নবী জিহাদি ও নায়েবে আমির এনামুল হক, নড়াইল শাহাবাদ মাজিদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম, একই মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ইসলামী জনকল্যাণ সংস্থার সভাপতি এবং মাগুরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নড়াইল সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল হাসান, সহসভাপতি ও বরাশোলা শিশুসদন কমপ্লেক্স মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন এবং সদস্যসচিব হায়দার আলী।
লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের ফরহাদ হোসেন বলেন, মাসিক শতকরা ১৫ ও বার্ষিক ২০ টাকা মুনাফার কথা বলে সংস্থার সভাপতি তাঁর কাছ থেকে তিন লাখ ১০ হাজার টাকা আমানত নেন। ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এক বছরে পাঁচ কিস্তিতে ওই টাকা জমা দেওয়া হয়েছে। ২০১২ সালের এপ্রিলে মূল টাকাসহ মুনাফার অংশ ফেরত চাইলে সংস্থার কর্মকর্তারা পাঁচ-ছয়বার সময় নেন। টাকা পরিশোধে টালবাহানা করতে থাকলে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর সংস্থার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেন তিনি।
নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের কাজী আশরাফুল ইসলাম বলেন, ‘সংস্থায় ২০১১ সালের ১৬ আগস্ট এককালীন দেড় লাখ টাকা বিনিয়োগ করে ফেরত পাচ্ছি না।’
জানা গেছে, ১৯৯৬ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে সংস্থাটি নিবন্ধন পায়। নিবন্ধনের পর শহরের আলাদাতপুর এলাকায় দারুসসেফা ক্লিনিকের পাশে একটি অফিস ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করতে থাকে। ২০০৫ সালেই ভোক্তা প্রকল্প চালু করে। ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত মুনাফার প্রলোভন দেখিয়ে নড়াইলের বিভিন্ন এলাকার মানুষকে এই প্রকল্পে টাকা বিনিয়োগে উৎসাহিত করে।
নাম প্রকাশ না করার শর্তে সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সংস্থার সভাপতি আবুল হাসান ও সংস্থার নিয়োগপ্রাপ্ত সদস্যসচিব সৈয়দ হায়দার আলীর যৌথ স্বাক্ষরে ইসলামী ব্যাংক নড়াইল শাখায় একটি হিসাব খোলা হয়। তিনি আরও জানান, সংস্থার সভাপতি বিনিয়োগকারীদের ৩০ লাখ টাকা আবাসন (জমি কেনাবেচা) ও ক্লিনিক ব্যবসায় খাটিয়েছেন। হায়দার আলী ১২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। এ ছাড়া কয়েকজন কর্মচারী মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন যা নিরীক্ষা প্রতিবেদনে ধরা পড়েছে।
সংস্থার উপদেষ্টা গোলাম মোস্তফা বলেন, সংস্থার আর্থিক খাত নিরীক্ষা করে দেখা গেছে, আনুমানিক ৪৫ লাখ টাকার অনিয়ম হয়েছে। এর মধ্যে সংস্থার সচিব হায়দার আলী ১২ লাখ ৫৩ হাজার লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিনিয়োগকারীদের প্রায় ১২ লাখ টাকা বেশি মুনাফা দেওয়া হয়েছে।
আবুল হাসান বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ ও ভোক্তা প্রকল্পের টাকা অন্য প্রকল্পে খাটানোর অভিযোগ অস্বীকার করে দাবি করেন, হায়দার আলী সাড়ে ১২ লাখ ও অন্য কর্মচারীরা বেশ কিছু টাকা আত্মসাৎ করে পালিয়েছেন। হায়দারের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। তিনি দাবি করেন, তিনজন বিনিয়োগকারীকে এক লাখ ৫৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকা শিগগিরই বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হবে।
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বাচ্চু সিকদার বলেন, প্রতারণার ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। সংস্থার নিবন্ধন ও জেলা প্রশাসনের অনুমতি আছে কি না, খতিয়ে দেখা হবে।