দেড় কোটি বস্তা আলু পড়ে আছে, তুলছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ের কারণে দেশের উত্তরাঞ্চলের হিমাগারগুলোতে ৫০ শতাংশের বেশি আলু পচে গেছে। বাজারে আলুর দামও কম। ফলে লোকসান কাঁধে নেওয়ার ভয়ে উত্তরাঞ্চলের ১৯৩টি হিমাগার থেকে আনুমানিক দেড় কোটি বস্তা আলু তুলছেন না কৃষক ও ব্যবসায়ীরা।
হিমাগার থেকে আলু উত্তোলনের জন্য মালিকেরা তাগাদা দিলেও তাতে সাড়া দিচ্ছেন না কৃষক-ব্যবসায়ীরা। এ অবস্থায় কমপক্ষে এক কোটি বস্তা আলু হিমাগার থেকে ফেলে দিতে হবে বলে আশঙ্কা করছেন হিমাগারের মালিকেরা।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ মৌসুমে কৃষক দুই কোটি ৩০ লাখ বস্তা আলু হিমাগারে রেখেছিলেন কৃষক। অন্যান্য বছর অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে হিমাগার থেকে ৮০ শতাংশ আলু নিয়ে যান কৃষক। এবার নিয়েছেন মাত্র ৩০ শতাংশ। অর্থাৎ উত্তরের হিমাগারগুলোতে বর্তমানে এক কোটি ৬১ লাখ বস্তা আলু পড়ে আছে।
শর্তানুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কৃষক ও ব্যবসায়ীদের আলু তুলে নিতে হবে। কিন্তু দাম কম থাকায় কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু তুলছেন না।
সূত্র জানায়, বর্তমানে প্রতি বস্তা (৮৪ কেজি) গ্র্যানুলা আলু ৩৬০ টাকা, দেশি পাকড়ি আলু ৭০০, রোমানা জাতের আলু ৬৪০, অ্যাসটিক ৬২০, কার্ডিনাল ৫৫০ ও ডায়মন্ড জাতের আলু ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বস্তাপ্রতি আলু হিমাগারে রাখার ভাড়া ৩৫০ টাকা। এর মধ্যে লোডশেডিংয়ের কারণে অনেক আলু পচে গেছে।
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট হিমাগারে আলু রেখেছিলেন উপজেলার বানিহারা গ্রামের কৃষক আলমগীর হোসেন। তিনি বলেন, ‘খ্যাতোত থ্যাকে আলু তুলে স্টোরোত (হিমাগার) রাখনো লাভের আশাত। সংসারের খরচ চলাবার য্যায়্যা স্টোরত থ্যাকে পার বস্তা ২০০ টেকা লোন (ঋণ) নিই। একন ৩৫০ টেকা হিমাগার ভাড়া আর ২০০ টেকা লোন শোধ দিবার গেলে বস্তাপ্রতি দরকার ৫৫০ টেকা। এক বস্তা গ্যানোলা আলু বেচে পাওচি ৪০০ টেকা। আলু তুলতে গেলে পকেটত থ্যাকে আরও দেড় শ টেকা দরকার। আলু তুলে লিবার জন্যে হিমাগারত থ্যাকে চাপ দেওচে। টেকা জোগাবার না পারে ভয়ে পালে বেড়াওচি।’
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারগ্রামের আলু ব্যবসায়ী শাহিন মাহমুদ ভান্ডারী বলেন, বিভিন্ন হিমাগারে এবার ২০ হাজার বস্তা আলু কিনে রেখেছিলেন তিনি। বর্তমান দামে ওই আলু বিক্রি করে দিলে তাঁর কমপক্ষে ৬০ লাখ টাকা লোকসান হবে। বাজারে আলুর দাম কমছেই। এভাবে বাজার দর কমতে থাকলে কেউই হিমাগার থেকে আলু তুলবে না।
কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সূত্র আরও জানায়, আলু সংরক্ষণের জন্য রাজশাহী ও রংপুর বিভাগে ১৯৩টি হিমাগার রয়েছে। এর মধ্যে বৃহত্তর বগুড়ায় রয়েছে ৪৭টি। আগামী এক মাসের মধ্যে এই আলু না তুললে বিপুল পরিমাণ আলু ফেলে দিতে হবে।
বগুড়ার শাহ সুলতান হিমাগার গ্রুপের চেয়ারম্যান আবদুল গফুর বলেন, তাঁর চারটি হিমাগারে প্রায় আট লাখ মেট্রিক টন আলু রয়েছে। সিংহভাগ আলু এখনো হিমাগারে পড়ে রয়েছে। আলুর বাজারে ধস নামার কারণ জানতে চাইলে তিনি বলেন, এ বছর সবজির প্রচুর আবাদ ও ফলন হয়েছে। সবজির দাম কম হওয়ার কারণে কেউ আলু খেতে চাইছে না।
কৃষি সম্প্রসারণ বিভাগ, বগুড়ার উপপরিচালক এ এইচ এম বজলুর রশীদ জানান, এবার সবজির বাম্পার ফলনের কারণে আলুর বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন জানান, দেশে আলুভিত্তিক স্টার্চ কারখানার প্রায় সবই বর্তমানে বন্ধ থাকায় আলুর চাহিদা কমে গেছে। এ কারণে দাম কমেছে।
জসিম উদ্দিন জানান, হিমাগার থেকে আলু বের না হলে এবার মালিকদের পথে বসতে হবে। কৃষক-ব্যবসায়ীদের আলু সংরক্ষণে উৎসাহিত করতে মালিকেরা সংরক্ষিত আলুর ওপর ঋণও দিয়েছেন। বাজারমূল্যে চরম ধস নামার কারণে ব্যবসায়ীরা হিমাগারে আসছেন না। হিমাগারে আলু রেখে পালিয়ে বেড়াচ্ছেন কৃষকেরাও। এ অবস্থায় এবার বিপুল পরিমাণ আলু হিমাগারে পড়ে থাকবে।