দেড় কোটি বিদ্যুৎ গ্রাহককে প্রি-পেইড মিটার দেওয়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের প্রায় দেড় কোটি বিদ্যুৎ গ্রাহককে পাঁচ বছরের মধ্যে প্রি-পেইড মিটার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে ২১টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ১৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আরও আটটি গ্রহণের প্রক্রিয়াধীন আছে। এসব প্রকল্প বাস্তবায়নে দাতাগোষ্ঠীর সহায়তা পাওয়া যাবে।
গ্রাহককে ভুয়া বিলের ঝামেলামুক্ত করা, বিল বকেয়া রাখার প্রবণতা বন্ধ করা, সিস্টেম লস কমানো প্রভৃতি প্রি-পেইড মিটার দেওয়ার লক্ষ্য। এখন পর্যন্ত সরকারের পরিকল্পনা হচ্ছে, সরকার তথা বিতরণ সংস্থাগুলো গ্রাহককে মিটার সরবরাহ করবে। পরে গ্রাহকের কাছ থেকে মাসিক বিলের সঙ্গে কিস্তিতে সেই দাম তুলে নেওয়া হবে। আবাসিক গ্রাহকের ক্ষেত্রে প্রতিটি মিটারের দাম পড়তে পারে গড়ে আট হাজার টাকা। শিল্প ও বাণিজ্যিক গ্রাহকের জন্য পড়তে পারে প্রায় ২০ হাজার টাকা।
‘গ্রাহক সন্তুষ্টির কার্যকর উপায় প্রি-পেইড মিটার’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য পাওয়া গেছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের নীতি-সহায়তা প্রতিষ্ঠান পাওয়ার সেলের উদ্যোগে গতকাল রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে এ কর্মশালা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ই ডট জেন কনসালট্যান্টস নামের একটি প্রতিষ্ঠান কর্মশালা অনুষ্ঠানে সহায়তা দিয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহককে নিশ্চিন্ত রাখার জন্য বিদ্যুৎ বিতরণ খাতে যে ব্যবস্থাপনা দরকার, প্রি-পেইড মিটার তার অন্যতম। পরীক্ষামূলকভাবে যেসব এলাকায় এই মিটার বসানো হয়েছে, সেখানকার গ্রাহকেরাও এটা গ্রহণ করেছেন। এখন ক্রমান্বয়ে সব গ্রাহককে এই মিটারের আওতায় আনা হবে। সরকারি কাজেও প্রি-পেইড মিটার ব্যবহারের বিষয়ে ভাবতে হবে।
কর্মশালায় এডিবির এদেশীয় পরিচালক কাজুহিকো হিগুচি বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতে গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উৎপাদন বেড়েছে। পদ্ধতিগত লোকসান কমেছে। কিন্তু বিদ্যুতের অপচয়, অপব্যবহার, বিল নিয়ে গ্রাহকের অভিযোগ এখনো আছে। প্রি-পেইড মিটার এগুলোর অবসান ঘটাতে পারে। এডিবি এ ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত আছে।
বিদ্যুৎসচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন। বিদ্যুৎসচিব বলেন, সারা দেশের সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনা একটি বড় চ্যালেঞ্জ। তবে এটা সময়ের দাবি। তাই এই চ্যালেঞ্জ নিতে হবে।
কর্মশালায় দুটি কর্ম-অধিবেশন হয়। সেখানে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা এবং এডিবিসহ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা নিবন্ধ উপস্থাপন করেন। এর মধ্যে পরীক্ষামূলকভাবে প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মধ্যে পরিচালিত জরিপও ছিল।