রাজধানীতে শব্দের মাত্রা এর ‘মান মাত্রার’ চেয়ে দেড় থেকে দুই গুণ বেশি। শব্দদূষণ নিয়ন্ত্রণে যে আইন ও বিধি রয়েছে, তার কোনো প্রয়োগ নেই। জনগণও অসচেতন। ফলে দিন দিন বাড়ছে শব্দদূষণের মাত্রা।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘শব্দদূষণের বর্তমান চিত্র ও করণীয়’ শিরোনামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পবা।
গত মাসে পবা রাজধানীর ৪৫টি গুরুত্বপূর্ণ স্থানের শব্দের মাত্রা পরিমাপ করে একটি জরিপ করে। নীরব, আবাসিক, মিশ্র ও বাণিজ্যিক হিসেবে এলাকা ভাগ করে দিনে ও রাতে এসব স্থানের শব্দের মাত্রা নির্ণয় করা হয়।
এই জরিপ নিয়ে সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান। প্রতিবেদন মতে, ২০০৬ সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী এই চার এলাকায় শব্দের ‘মান মাত্রা’ ৫০ থেকে ৭০ ডেসিবল হওয়া উচিত। কিন্তু এই চার ধরনের এলাকায় শব্দের মাত্রা এর চেয়ে বেশি। কোথাও কোথাও এটা দেড় থেকে দুই গুণ বেশি।
পবার জরিপ বলছে, দিনের বেলায় নীরব এলাকাগুলোর মধ্যে শব্দের মাত্রা সবচেয়ে বেশি থাকে ইডেন মহিলা কলেজের সামনে। নীরব এলাকা হচ্ছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ইত্যাদি। এগুলোর মধ্যে ইডেন কলেজের সামনে শব্দের মাত্রা ১০৪ দশমিক ৪ ডেসিবল। মিশ্র এলাকায় সবচেয়ে বেশি থাকে পল্টনে (১০৫ দশমিক ৫ ডেসিবল)। আর আবাসিক এলাকায় ৯২ দশমিক ২ থেকে ৯৭ দশমিক ৮ ডেসিবল। বাণিজ্যিক এলাকার মধ্যে এয়ারপোর্টের সামনে থাকে সর্বোচ্চ ১০৮ দশমিক ৯ ডেসিবল শব্দমাত্রা।
রাতের বেলায় আবাসিক এলাকাগুলোতে শব্দের মাত্রা ৬৮ দশমিক ৭ থেকে ৮৩ দশমিক ৬ ডেসিবল থাকে। মিশ্র এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কলাবাগানে (১০৬ দশমিক ৪ ডেসিবল)। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শব্দের মাত্রা ৯৫ দশমিক ৮ থেকে ৯৬ দশমিক ৭ ডেসিবল।
সংবাদ সম্মেলনে পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেনিন চৌধুরী বলেন, ক্রমাগত শব্দদূষণের ফলে কানের টিস্যুগুলো ধীরে ধীরে বিকল হয়ে পড়ে। তখন স্বাভাবিক শব্দও শোনা যায় না। এটি নিয়ে জনসচেতনতার অভাব রয়েছে। নেই শব্দদূষণ প্রতিরোধে যথাযথ প্রশাসনিক পদক্ষেপ।
সংবাদ সম্মেলনে বক্তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো ও বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার প্রতি গুরুত্ব দেন।
এ সময় মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসানাত, পবার সহসম্পাদক স্থপতি শাহীন আজিজ, সদস্য ক্যামেলিয়া চৌধুরী, ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মুহাম্মদ আবদুল ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।