দেড় বছর ধরে নির্মাণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাঞ্ছারামপুর-কদমতলী-মরিচাকান্দি জিওসি সড়কের এক কিলোমিটারের নির্মাণকাজ দুই বছরেও সম্পন্ন হয়নি। দেড় বছর ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় ওই সড়কে চলাচলকারী লোকজন দুর্ভোগ পোহাচ্ছে প্রতিনিয়ত।
বাঞ্ছারামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ জুলাই সড়কের কদমতলী কান্দুশাহ মাজার এলাকা থেকে তাতুয়াকান্দি পর্যন্ত সড়ক পাকাকরণ শুরু হয়। কাজটি করছে ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স এমএম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ ব্যয় ধরা হয় ৫৫ লাখ ৭৫ হাজার ৮৮২ টাকা। সড়কের নির্মাণকাজ গত বছরের ৩০ মে শেষ হওয়ার কথা। কিন্তু ২০১৩-এর অক্টোবরে ওই কাজ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে গত রোববার কদমতলীতে দেখা যায়, কদমতলী গ্রামের কান্দুশাহ মাজার এলাকা থেকে সড়কের পাকাকরণ শুরু হয়ে গ্রামের ভেতর দিয়ে উত্তর দিকে গ্রামের শেষ পর্যন্ত এক কিলোমিটার লাল ইটের প্রলেপ দেওয়া। গ্রামের শেষ প্রান্ত থেকে তাতুয়াকান্দি গ্রামের কবরস্থান অংশের অন্তত ২০০ মিটার পর্যন্ত মাটি দেওয়া ছাড়া কোনো কাজ হয়নি।
রাস্তা পাকাকরণ কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন এখানকার এলাকাবাসী। ঠিকাদার বেনজির আহাম্মেদ বলেন, রাস্তার যে কাজ করেছেন তার কোনো বিল তিনি পাননি। সে জন্য কাজ বন্ধ আছে। কিছু দিন পরে রাস্তার বাকি অংশ শেষ করে দেওয়া হবে।
এলজিইডির প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, ‘সময়মতো কাজ শেষ না করায় ঠিকাদারকে বহুবার চিঠি দিয়েছি। ঠিকাদার বলেছে, আগামী এক মাসের মধ্যে কাজ শুরু করে দ্রুত শেষ করে দেবে।’ তা না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।