দেড় বছরে ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে মারা গেলেন রানা প্লাজার শ্রমিক কহিনুর ইসলাম (৩৭)। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি মারা যান।
কহিনুর ঢাকার ধামরাইয়ের শরীফবাগের সিরাজুল ইসলামের ছেলে। চাকরি করতেন রানা প্লাজার ছয়তলার ইথার টেক্সে। ভবনধসের ১১ মাস আগে তিনি ওই কারখানায় ফিনিশিং সুপারভাইজার পদে যোগ দেন। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন সাভারের রাজফুলবাড়িয়া এলাকায়।
কহিনুরের স্ত্রী সালেহা বেগম বলেন, ভবনধসের এক দিন পর সেনাসদস্যরা তাঁর স্বামীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি মাথায় ও কোমরে আঘাত পেয়েছিলেন। ওই হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা নেওয়ার পর গত বছরের ৪ জুন তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। এর পর থেকে কয়েক দফায় তাঁকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রসহ (সিআরপি) এনাম মেডিকেল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে (পিজি) চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, মাথায় আঘাত পাওয়ার কারণে মাঝেমধ্যেই কহিনুর আবোলতাবোল কথা বলতেন। কোমরের সমস্যার কারণে ভালোভাবে হাঁটাচলা করতে পারতেন না। মঙ্গলবার সকালে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে মারা যান।
কহিনুরের ছোট ভাই আরিফুল ইসলাম বলেন, তাঁর ভাই আহত হওয়ার পর বিদেশি পোশাক তৈরি প্রতিষ্ঠান প্রাইমার্ক থেকে বিকাশের মাধ্যমে ৯৫ হাজার টাকার আর্থিক সহায়তা পেয়েছেন। ওই টাকার পুরোটাই তাঁর চিকিৎসার পেছনে ব্যয় হয়ে গেছে। আরও আর্থিক সহায়তা পেলে হয়তোবা উন্নত চিকিৎসার মাধ্যমে তাঁকে সুস্থ করা যেত।
প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় প্রাণ হারান এক হাজার ১৩৭ জন। কহিনুরের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩৮ জনে।