দেড় বছর সড়ক খুঁড়ে রাখায় ৮ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকার এক কিলোমিটার রাস্তা পিচ ঢালাইয়ের জন্য দেড় বছর ধরে ফেলে রাখা হয়েছে। বর্ষা মৌসুমে কর্দমাক্ত এই সড়কে চলাচলে মানুষকে ভোগান্তি পোহাতে হয়। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকার এক কিলোমিটার রাস্তা পিচ ঢালাইয়ের জন্য দেড় বছর ধরে ফেলে রাখা হয়েছে। বর্ষা মৌসুমে কর্দমাক্ত এই সড়কে চলাচলে মানুষকে ভোগান্তি পোহাতে হয়। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের একটি সড়কের এক কিলোমিটার রাস্তা পাকা করার জন্য মাটি খুঁড়ে দেড় বছর ধরে ফেলে রাখা হয়েছে। এতে ওই এলাকার আটটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আমতলী কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-আমতলী মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে সোনাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত সংযোগ সড়কটির দৈর্ঘ্য আট কিলোমিটার। এর চার কিলোমিটার অংশ দুই বছর আগে পাকা করা হয়েছে। বাকি চার কিলোমিটার সড়কের মধ্যে এক কিলোমিটারের অনুকূলে ২০১০-১১ অর্থবছরে এলজিইডি দরপত্র আহ্বান করে। আঠারোগাছিয়া ইউনিয়নের স্থানীয় জমাদ্দার বাড়ি থেকে সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত খানের বাড়ি পর্যন্ত ওই এক কিলোমিটার সড়কের কাজ পায় স্থানীয় মেসার্স নিজাম উদ্দিন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পিচ ঢালাইয়ের জন্য ২০১৪ সালের মার্চে সড়কটির মাটি খুঁড়ে কাজ বন্ধ রাখে। চলতি বছরের এপ্রিলে কাজ শুরুর নামে সড়কটিতে আবারও খোঁড়াখুঁড়ি করা হয়। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে। ফলে সড়কটি কর্দমাক্ত হয়ে লোকজনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এই সড়ক দিয়ে উপজেলা সদর, গাজীপুর বাজারসহ আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া, গেড়াবুনিয়া, চাউলা, সোনাখালী, গোডাঙ্গা, খাকদান, শাখারিয়া ও উত্তর-দক্ষিণ সোনাখালী গ্রামের ১০ হাজারের বেশি মানুষ চলাচল করে। গত সোমবার সরেজমিনে দেখা যায়, সড়কের ওই অংশে ঠিকাদার প্রতিষ্ঠানটি প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট গভীর করে মাটি খুঁড়ে রেখেছে। কিন্তু কাজ ফেলে রাখায় বর্ষা মৌসুমে এসে সড়কটিতে বৃষ্টির পানি জমে যায়। এতে কাদাপানিতে একাকার হয়ে আছে পুরো এক কিলোমিটার সড়ক। এর মধ্য দিয়েই এলাকার লোকজন চলাচল করছেন।’
বদরুল হাসান নামে আরেক বাসিন্দা বলেন, কাজ না করে সড়কটি এভাবে ফেলে রাখা হয়েছে। বিষয়টি বহুবার এলজিইডিকে জানানো হয়েছে। কোনো কাজ হয়নি। চাউলা গ্রামের মালেক হাওলাদার বলেন, মাটি খুঁড়ে ফেলে রাখায় ওই এক কিলোমিটার সড়কে পানি জমে তা একরকম খালে পরিণত হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক নিজাম উদ্দিন তালুকদার বলেন, আসছে শুকনো মৌসুমে কাজ শুরু করা হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি জানি না। যদি সড়কের ওই অংশে কাজ না হয়ে থাকে বিস্তারিত জেনে ব্যবস্থা নেব।’