দেড় বছরেও গ্রেপ্তার নেই উদ্ধার হয়নি কানাকড়িও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ভল্ট ভেঙে ৩০ লাখ ৭৯ হাজার টাকা চুরির দেড় বছর পার হলেও পুলিশ ওই টাকার কানাকড়িও উদ্ধার করতে পারেনি।
ঘটনার পর একাধিক তদন্ত কমিটি গঠন এবং র্যা ব-পুলিশসহ প্রশাসনের বিভিন্ন বিভাগ ব্যাপক তৎপরতা চালালেও অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি।
২০১৪ সালের ৮ মার্চ ওই চুরি হয়। সে সময় এই নিয়ে ব্যাপক হইচই হয়। চুরির পরদিন ৯ মার্চ বগুড়া সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সামাদ আদমদীঘি থানায় একটি মামলা করেন। নানা হাত ঘুরে মামলাটি বর্তমানে বগুড়া গোয়েন্দা পুলিশের কাছে রয়েছে।
গত রোববার বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত মামলার তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। সম্প্রতি জয়পুরহাটে বেসরকারি ব্র্যাক ব্যাংকে ডাকাতির সঙ্গে জড়িত আসামিসহ এ ধরনের অন্য অপরাধীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁদের কাছে থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।’
সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, চুরির ঘটনা তদন্তে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে প্রথম রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ টি এম আফজাল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যর একটি কমিটি গঠন করা হয়। পরে ওই কমিটি বাতিল করে ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। একই সঙ্গে এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকও একটি তদন্ত কমিটি করে। চুরির ঘটনায় প্রথমে আদমদীঘি শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শামসুদ্দিন শরীফ ও ক্যাশিয়ার আজহার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বগুড়ার সোনালী ব্যাংকের ডিজিএম আবদুস সামাদকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ।
ঘটনার পরই পুলিশের রাজশাহী বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) খুরশিদ আলমসহ র্যা ব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তখনকার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক মামলাটি পুলিশের কাছ থেকে বগুড়া গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। এটি আরও গুরুত্ব সহকারে দেখা হবে।