দেড় মাসে এক ছটাক ধানও সংগ্রহ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো সংগ্রহ অভিযান শুরুর পর দেড় মাসেও ঠাকুরগাঁওয়ের ১২টি সরকারি খাদ্যগুদামে গত রোববার পর্যন্ত এক ছটাক ধানও সংগ্রহ করা হয়নি। চাল সরবরাহও চলছে ঢিমেতালে। দেড় মাসে লক্ষ্যমাত্রার অর্ধেক পরিমাণ চাল সংগ্রহ হয়নি।
১৫ থেকে ২২ জুন পর্যন্ত জেলার সদর, পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার অন্তত ২০ জন চাষির সঙ্গে কথা হয়েছে৷ তাঁরা জানান, সরকারি ক্রয়মূল্যের চেয়ে বাজারদর বেশি হওয়ায় এবং সরকারি নির্দেশ অনুযায়ী ধান সরবরাহে সুবিধা না থাকায় তাঁরা গুদামে ধান সরবরাহ করছেন না৷
পীরগঞ্জ উপজেলার ক্ষিদ্র গড়গাঁও গ্রামের চাষি আইয়ুব আলী বলেন, ‘খাদ্যগুদামে ধান দেওয়ার কোনো পরিবেশ নেই। এ ছাড়া বাজারেই প্রতি বস্তা (৮০ কেিজ) ভেজা ধান এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী গুদামে ধান দিতে গেলে কোনো লাভই হবে না। তাই আমি আমার ৪০০ মণ বোরো ধান এবার মিলেই বিক্রি করে দিয়েছি।’
সাটিয়া গ্রামের চাষি দেলোয়ার হোসেন বলেন, ভেজা ধান প্রতি বস্তা এক হাজার ৩৬০ থেকে এক হাজার ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। শুকানোর পর ওজনেও কমে যায়৷ এতে সব মিলে প্রতি কেজি ধানে সাড়ে ১৯ টাকা পড়ে যায়। গুদামে প্রতি কেজি ধানের দাম ২০ টাকা। এ জন্য বাজারে বিক্রিতেই সুবিধা।
জেলা খাদ্যনিয়ন্ত্রক এনামুল হক বলেন, আকাশ ভালো থাকলে আর বাজারদর স্থিতিশীল থাকলে ধান পাওয়ার আশা করা যেতেও পারে। জেলার বেশির ভাগ চাষির চাতাল না থাকায় কাঁচা ধান শুকানোর ব্যবস্থা নেই। এ কারণে ১২টি খাদ্যগুদামের কোথাও কোনো চাষি ধান নিয়ে আসেননি। এবার চালকলের মালিকেরাও চালে লাভ করতে পারছেন না। প্রতি কেজি চালে ৫০ পয়সা লাভ টেকাতেও হিমশিম খাচ্ছেন তাঁরা।
পীরগঞ্জের চাল ব্যবসায়ী মঈনুল হোসেন বলেন, ‘বাজারে বেশি দামে ধান কিনে সরকারি নির্দেশ অনুযায়ী গুদামে চাল দিতে ৩০ টাকা ৫০ পয়সা থেকে ৩১ টাকা খরচ পড়ছে। আমরা সরকারের সঙ্গে চুক্তি করেছি বলেই লাভ-লোকসান না ভেবেই চাল সরবরাহ করছি।’
জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘বাজারে দাম বেশির কারণে পরতা হচ্ছে না। আমরা সরকারের সঙ্গে চুক্তি করেছি তাই চাল সরবরাহ তো দিতেই হবে, এতে লাভ হোক আর না হোক।’
জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, গত রোববার পর্যন্ত জেলার ১২টি খাদ্যগুদামের মাধ্যমে ২৮ হাজার ৮২৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে সদর উপজেলায় ১৭ হাজার ৬৬০ মেট্রিক টন, পীরগঞ্জে তিন হাজার ৪৭৮, রাণীশংকৈলে তিন হাজার ১৯১, হরিপুরে এক হাজার ৬২৪ এবং বালিয়াডাঙ্গী উপজেলায় দুই হাজার ৮৭৩ মেট্রিক টন৷ কিন্তু এ দেড় মাসে জেলার কোনো খাদ্যগুদামে এক ছটাকও ধান সংগ্রহ করা যায়নি।
চলতি বোরো সংগ্রহ মৌসুমে জেলায় ৬১ হাজার ৭১৫ মেট্রিক টন চাল এবং এক হাজার ৯৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়৷ মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ থেকে সংগ্রহ অভিযান শুরু হয়।
খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য জেলার পাঁচ উপজেলার এক হাজার ৫১৮ জন চালকলমালিক খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এর মধ্যে রয়েছে সদর উপজেলার ৭৮২ জন, পীরগঞ্জের ২৩৮, বালিয়াডাঙ্গীতে ১৪৫, রাণীশংকৈলে ২৫৪ এবং হরিপুর উপজেলার ৯৯ জন৷