দেড় মাসে ৩৫ লাশ, অজ্ঞাত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: আইন ও সালিশ কেন্দ্র
সূত্র: আইন ও সালিশ কেন্দ্র

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জ থেকে গত ৫০ দিনে ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ১৭টি মৃতদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এগুলোর পরিচয় মেলেনি। কীভাবে তাঁদের মৃত্যু হলো, হত্যা নাকি দুর্ঘটনা, কোত্থেকে লাশগুলো এল—সবই অজানা।
পুলিশ বলছে, অন্য কোনো জায়গা থেকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী দিয়ে এসব লাশ ভেসে এসেছে। ১৭টি লাশের পরিচয় না মেলায় তদন্তও এগোচ্ছে না। লাশগুলোর ছবি তুলে, ডিএনএ নমুনা সংগ্রহ করে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। সংশ্লিষ্ট থানা ও মর্গ ঘুরে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, এই ১৭ জন গুপ্তহত্যা ও গুমের শিকার। বাকি ১৮ জনের মধ্যে ১২টি খুন, তিনটি আত্মহত্যা, একটি বিষাক্ত মদপানে মৃত্যু, একটি এক লঞ্চ থেকে আরেক লঞ্চে লাফিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে মৃত্যু, একটি বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু।
লাশগুলো উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা। দুই থানা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গ সূত্র জানায়, গত ২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত ওই দুই থানা এলাকা থেকে ৩৫ জনের লাশ উদ্ধার করে পুলিশ। ভাসমান লাশগুলোর ক্ষেত্রে হত্যা কি না, এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। কয়েকটি লাশের ক্ষেত্রে শরীরে আঘাতের চিহ্ন দেখে হত্যা মামলা করা হয়েছে।
বুড়িগঙ্গা নদীতীরবর্তী মীরেরবাগ এলাকার সিরাজুল ইসলাম বলেন, কয়েক দিন পরপরই ওই এলাকার নদীতে লাশ ভাসতে দেখা যায়। মাস খানেক ধরে লাশ উদ্ধারের ঘটনা বেড়েছে। এমনও দেখা গেছে, এক দিনে দুটি মৃতদেহ পাওয়া গেছে। সদরঘাটের শ্যামবাজার এলাকার নৌকার মাঝি সাত্তার মিয়া বলেন, মাস খানেক আগে সদরঘাটের পন্টুনের কাছে তিনি কয়েকটি লাশ ভাসতে দেখেছেন। পুলিশকে খবর দিলে ডোম, পলিথিন, কেরোসিন ইত্যাদি জোগাড় করে আসতে আসতে ঘণ্টা দুই-তিনেক সময় লেগে যায়।
স্থানীয় লোকজন জানান, বর্ষাকাল ছাড়া বুড়িগঙ্গার পানি এমনি সময়ে পুকুরের মতো স্থবির হয়ে থাকে। পানিও অনেক ঘন। তখন তো অন্য এলাকা থেকে লাশ ভেসে আসার কোনো সুযোগ নেই। তবু শুকনা মৌসুমে মাঝেমধ্যে বুড়িগঙ্গায় লাশ উদ্ধার হয়েছে। আর এখন বর্ষায় নদীর পানি একটু গতি পেয়েছে, পানির ঘনত্বও কমেছে। এ কারণে অন্য কোনো এলাকা থেকে লাশ ভেসে আসার সুযোগ রয়েছে। স্থানীয় লাকজনের অভিযোগ, এসব লাশ উদ্ধারে পুলিশের অনীহা রয়েছে, এমনকি লাশ উদ্ধারের পর তেমন জোরালো তদন্তও দৃশ্যমান হয় না। লাশ উদ্ধারের বিষয়ে নদীতীরবর্তী ওই এলাকাগুলোতে নানা জল্পনা-কল্পনা রয়েছে। প্রায় সবারই ধারণা, হত্যা করে এসব লোককে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এসব লাশের সবই ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মিটফোর্ড মর্গে। মর্গ সূত্র জানায়, বুড়িগঙ্গা থেকে যেসব লাশ এসেছে, এগুলোর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। তবে এই লাশগুলোর কোনোটির শরীরেই গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন মেলেনি। অনেকগুলো আবার পানিতে পচে একেবারে গলে যাওয়ায় ঠিকমতো খতিয়েও দেখা যায় না।
বুড়িগঙ্গা নদীগর্ভের বেশির ভাগ এলাকাই পড়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অধীনে। ১৭টি অজ্ঞাত লাশের মধ্যে ১৪টিই উদ্ধার করেছে এই থানার পুলিশ। এই থানার ওসি জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, সদরঘাট থেকে মীরেরবাগ, ধর্মগঞ্জ, শ্যামপুর ইত্যাদি এলাকার বুড়িগঙ্গায় লাশগুলো মিলছে। এ ছাড়া ধলেশ্বরী থেকেও একটি লাশ উদ্ধার করা হয়েছে। নদীতে পাওয়া প্রায় সব লাশই পচে-গলে একাকার হয়ে ছিল। এগুলোর চেহারা বিকৃত হয়ে যায়। এক নবজাতক ও এক কিশোরীর লাশও অজ্ঞাত হিসেবে উদ্ধার হয়েছে। ওসি জানান, এখন পর্যন্ত গুলিবিদ্ধ কোনো লাশ মেলেনি। তবে উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে বেশ কয়েকটির শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন মিলেছে। এসব লাশের ক্ষেত্রে হত্যা মামলা হয়েছে। তবে কয়েকটি লাশে এত বেশি পচন ছিল যে আঘাতের দাগও ঠিকমতো বোঝা যায় না। ১০-১৫ দিনের পচা লাশও এর মধ্যে ছিল। এ রকম একেবারেই পচা চারটি লাশ এখন পর্যন্ত পাওয়া গেছে। একটি লাশ হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ প্রথমেই চেষ্টা করে এই লাশগুলোর পরিচয় জানার। এগুলোর বেশির ভাগেরই পরিচয় না মেলায় তদন্ত এগোয় না। পরিচয় পেলে স্বজনেরা হত্যা মামলা করেন। তখন তাঁদের ধারণার ওপর ভিত্তি করে তদন্ত গতি পায়। ওসির ধারণা, নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ এলাকা থেকে এসব লাশ ভেসে আসছে।
জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান প্রথম আলোকে রহমান বলেন, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জের কিছু স্থান থেকে লাশ ফেললে ভেসে এ এলাকায় আসা সম্ভব। যে লাশগুলোর পরিচয় মেলে, সেগুলোর ক্ষেত্রে তদন্ত এগিয়ে নেওয়া সহজ হয়। পরিচয় না মিললে তদন্ত অনেক কঠিন হয়ে যায়। পুলিশ লাশের ছবি তুলে রাখে, ডিএনএ নমুনা সংগ্রহ করে। কেউ লাশের খোঁজে এলে ছবি দেখানো হয়, ডিএনএ মেলানো হয়। এসব লাশ বিভিন্ন সময় নিখোঁজ হওয়া ব্যক্তিদের কি না, সেটাও খতিয়ে দেখা হয়।

৫০দিনে ৩৫ লাশ, ১৭টি অজ্ঞাত

রাজধানীর উপকণ্ঠের কেরানীগঞ্জে গত ৫০ দিনে ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১৭টি লাশের পরিচয় এখনো মেলেনি। ওই ব্যাক্তিদের মৃত্যু কীভাবে হলো, হত্যা-না দূর্ঘটনা, কোত্থেকে লাশগুলো এলো এসব কিছুই জানা যাচ্ছে না।

পুলিশ বলছে, অন্য কোথা থেকে বুড়িগঙ্গা দিয়ে এসব লাশ ভেসে আসছে। পরিচয় না মেলায় তদন্তও এগোচ্ছে না। লাশগুলোর ছবি তুলে, ডিএনএ নমুনা সংগ্রহ করে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করে ফেলা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এই লাশগুলো উদ্ধার করেছে। দুই থানা এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গ সূত্র জানায়, গত ০২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত ওই দুই থানা এলাকা থেকে ৩৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ২ জুলাই মধুরচর গ্রাম সংলগ্ন বুড়িগঙ্গা থেকে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ অজ্ঞাত (৪৫) এক ব্যাক্তির লাশ উদ্ধার করে। একই দিনে দক্ষিন কেরানীগঞ্জ থানার পুলিশ হাসনাবাদ জামে মসজিদ সংলগ্ন বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত এক পুরুষের (৩০) অর্ধ গলিত লাশ উদ্ধার করে। এই দুই ঘটনায় দুই থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

৩ জুলাই হাসনাবাদ মোকামপাড়া থেকে মাথা থ্যাতলানো এক যুবকের লাশ ও ৪ জুলাই মিল ব্যারাক ঘাট এলাকায় নদীতে কচুরিপানার সঙ্গে আটকে থাকা আরেক যুবকের লাশ উদ্ধার করে দক্ষিন কেরানীগঞ্জ থানা।

৬ জুলাই দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ খায়রুল আলম রিয়েল ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ফিরোজ আলম নামে দুই যুবকের লাশ উদ্ধার করে। এদের মধ্যে ডেইরি ফার্মের কর্মী ফিরোজ নিখোঁজ হওয়ার নয়মাস পরে ওই দিন তাঁর হাড়-গোড় উদ্ধার করে পুলিশ। ডেইরি ফার্মের আরেক কর্মী দ্বীন ইসলাম তাঁকে হত্যা করেছিলেন।

৯, ১৫, ১৬, ১৯ ও ২০ জুলাই পাঁচদিনে পাঁচ ব্যাক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।

১০ জুলাই এক লঞ্চ থেকে আরেক লঞ্চে লাফ দেওয়ার সময় পানিতে পরে মারা যান সুমন নামে এক যুবক।

১৪ জুলাই কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ নিখোঁজ হওয়ার তিনদিন পরে শুভাড্যা এলাকার বাসিন্দা মো. আসাদের লাশ উদ্ধার করে। তিনি হত্যার শিকার বলে জানিয়েছে পুলিশ।

১৫ জুলাই তপন শীল নামে এক ব্যাক্তি খুন হন।

২৬ জুলাই দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ লোকমান হোসেন মাতবর (৪০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে। নিহত লোকমান শরীয়তপুরের পালং থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। নিহতের ছোট ভাই উথান মাতবর জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ওই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জুরাইনে হত্যা করে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) গাড়িতে করে লাশ দক্ষিন খান থানা এলাকায় ফেলা হয়। এই হত্যাকাণ্ডে গণপূর্তে কর্মরত এক ব্যাক্তি জড়িত রয়েছেন।

২৮ জুলাই শাকিল নামে এক যুবকের লাশ মীরেরবাগ এলাকার বুড়িগঙ্গা থেকে উদ্ধার করে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। মাদক সংক্রান্ত বিরোধে এই হত্যা বলে পুলিশের ধারণা।

২৯ জুলাই আরো একজন অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করে দক্ষিন কেরানীগঞ্জ পুলিশ।

৩১ জুলাই হুমায়ুন নামে এক তরুণ হন। তার লাশ উদ্ধার করে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।

৩ আগস্ট সকালে বুড়িগঙ্গা থেকে ভাসমান ১৪/১৫ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। একই দিনে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ মুক্তিরবাগ এলাকা থেকে রহমতউল্লাহ নামে এক ব্যাক্তির লাশ নিখোঁজের তিন দিন পরে উদ্ধার করে। জিনজিরা রহমতপুরের বাসিন্দা রহমতউল্লাহকে জবাই করে, হাতে-পায়ের রগ কেটে হত্যা করা হয়। মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের।

৪ আগস্ট দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ চুনকুটিয়ার একটি ডোবা থেকে সোহেল মৃধা নামে এক যুবকের লাশ নিখোঁজের ১৭ দিন পরে উদ্ধার করে। মাদক নিয়ে বিরোধের জেরে এই হত্যা বলে পুলিশ জানিয়েছে।

৫ আগস্ট ময়না নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। বিষপানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। একই দিনে দক্ষিন কেরানীগঞ্জ থানার পুলিশ বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে

৭ আগস্ট অজ্ঞাত নব জাতকের লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। ০৮ আগস্ট অতিরিক্ত মদ্যপানে মৃত আল আমিন নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

৯ ও ১০ আগস্ট আরো দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। ১০ আগস্ট ঢাকা-মাওয়া মহাসড়কের পূর্ব পাশ থেকে উদ্ধার হওয়া লাশটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

১১ আগস্ট পুলিশ আবদুল কুদ্দুস নামে এক অটোরিকশা ব্যবসায়ীর লাশ তাঁর বাসা থেকে উদ্ধার করে। এক দড়ি দিয়েই লাশের গলা, হাত-পা বাঁধা ছিল। ওইদিনই শারমীন আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গৃহকর্মী শারমীন আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

১৩ আগস্ট স্বামীর প্রহারে আরজুদা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়।

১৮ আগস্ট অজ্ঞাত পরিচয় আরো এক ব্যাক্তির লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। ওইদিনই নিখোঁজের তিন মাস পরে মিম আক্তার (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে শিশুটির খালুকে গ্রেপ্তার করে পুলিশ।

২০ আগস্ট বুড়িগঙ্গার আশ্রাফাবাদ ঘাট এলাকা থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পুরুষাঙ্গে আঘাতের চিহ্ন ছিল।

২১ আগস্ট দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা বালুর মাঠে লাল চান নামের এক পরিবহন ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে রাখা হয়। মাদক নিয়ে বিবাদে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

২২ আগস্ট শরীফ হোসেন নামে এক তরুণ কেরানীগঞ্জের কালীগঞ্জে বসতবাড়ির ওপর থেকে পড়ে নিহত হন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেছেন নিহতের বাবা।