দেড় যুগেও হয়নি সংযোগ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দাইলের বোয়াইল খালের ওপর নির্মিত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই l প্রথম আলো
নান্দাইলের বোয়াইল খালের ওপর নির্মিত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই l প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইলের নরেন্দ্রপুর গ্রামের বোয়াইল খালের ওপর নির্মিত সেতুর দুই পাশে প্রায় ১৮ বছর ধরে সংযোগ সড়ক নেই। ফলে এটি মানুষের কোনো কাজে আসছে না। এ খাল পার হতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ১০টি গ্রামের বাসিন্দাদের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ১৯৯৬-৯৭ সালে বোয়াইল খালের মুখে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক করা হয়নি। এতে সেতুর পূর্ব দিকের চারটি ও পশ্চিম দিকের ছয়টি গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এদিকে সড়ক না থাকায় বর্ষাকালে সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো লাগিয়ে লোকজন সেতুটি অতিক্রম করে। আর শুকনো মৌসুমে সেতুর নিচ দিয়ে যাতায়াত করে।
চরবোয়াইল গ্রামের ফারুক মিয়া (২৫) বলেন, সংযোগ সড়ক থাকলে মাত্র ৫০-৬০ গজ পার হতে মানুষের এত দুর্ভোগ পোহাতে হতো না।
পাশের মাইজহাটি গ্রামের বাবুল মিয়া (৪০) বলেন, তারের ঘাট, চকমতি, চরবোয়াইল, চকপাড়া, মাইজহাটি, জাওনহাটি, নরেন্দ্রপুর, চংভাদেরা, বাহাদুরপুর ও নগদাপাড়া গ্রাম থেকে প্রতিদিন চার-পাঁচ শ মানুষ এই সেতু পার হয়। বর্ষাকালে পার হতে গিয়ে পথচারীদের খালের পানিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে।
মুশুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের বরাদ্দ দেওয়া চার লাখ টাকা খরচ করে সেতুর দুই পাশের মাটি ঠেকানোর জন্য স্তম্ভ (কংক্রিটের পিলার) নির্মাণ করা হয়েছে। স্তম্ভের মাঝখানে ইটের দেয়াল নির্মাণের কাজ শেষ হলে মাটি ফেলা হবে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আবুল খায়ের বলেন, সরেজমিন দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।