দেড় লাখ মানুষের জন্য একজন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা পাচ্ছে না রোগীরা। কারণ চিকিৎসক-সংকট। ৫০ শয্যার সরকারি এই হাসপাতালে ২৭ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র একজন চিকিৎসক। তিনি হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন। সরকারি কাজে তিনি বাইরে থাকলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম অনেকটা বন্ধ থাকে।
উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলী ঘাট এলাকার গৃহবধূ মায়মুনা আকতার বলেন, গতকাল রোববার সকাল নয়টায় তিনি আট মাসের শিশুপুত্র নিয়ে হাসপাতালে ছুটে আসেন। কিন্তু বেলা ১১টার আগে তিনি চিকিৎসকের দেখা পাননি। পরে হাসপাতালে বহির্বিভাগে একজন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী তাঁর শিশুর শরীর পরীক্ষা করে বলেন, নিউমোনিয়া হয়েছে। চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে যেতে হবে।
দেখা গেছে, সকাল আটটা থেকে শতাধিক নারী-পুরুষ অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় জমান। শিশুদের অনেকে সর্দি-কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত। গত সাত দিনের সামুদ্রিক জলোচ্ছ্বাসে উপজেলার বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে তিন শতাধিক ঘরবাড়ি বিলীন হয়। গৃহহীন লোকজন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়। এখানকার নোংরা পরিবেশে ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
আলী আকবর ডেইল গ্রাম থেকে আড়াই বছরের মেয়েকে নিয়ে হাসপাতালে আসা লবণচাষি আবদুল মুনাফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি এই হাসপাতালে আমরা একসঙ্গে চারজন চিকিৎসককে কোনো সময় পাইনি। এখন উপজেলার দেড় লাখ মানুষের সেবা দিতে একজন চিকিৎসককে হিমশিম খেতে হচ্ছে। থাকা-খাওয়াসহ নানা সমস্যা থাকায় চিকিৎসকেরা এই হাসপাতালে থাকতে চান না।
রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে কয়েক মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। জেনারেটরও নষ্ট। সেখানে পানি সরবরাহ ঠিকমতো হয় না। ১৩ নার্সের পদে রয়েছেন মাত্র দুজন। ল্যাব টেকনেশিয়ান না থাকায় রোগীদের রক্ত, কফ পরীক্ষা করা যাচ্ছে না। রোগী বহনের অ্যাম্বুলেন্সটি বিকল পড়ে আছে এক যুগের বেশি সময় ধরে। হাসপাতালে নেই অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ। রোগী নিয়ে গেলে নানা অজুহাতে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সাগর নদী পেরিয়ে অসুস্থ রোগীদের প্রায় ৯০ কিলোমিটার দূরের কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না। ফলে বিনা চিকিৎসায় অনেকের মৃত্যু হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন বলেন, গত ১ জুলাই হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আবুল বশর প্রশিক্ষণের জন্য ঢাকায় চলে গেলে তিনি একাই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সকালে একবার বহির্বিভাগে রোগী দেখলে আবার তাঁকে ভেতরে ভর্তি করা রোগীর সেবা দিতে ছুটতে হচ্ছে। ফলে বিপুলসংখ্যক রোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখন সংকট নিরসনে দ্রুত কয়েকজন চিকিৎসককে হাসপাতালে নিয়োগের প্রস্তুতি চলছে।