দেড় লাখ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ বছর প্রায় দেড় লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
হরতালের কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় আজ শুক্রবার থেকেই মূলত প্রথম পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। ২ নভেম্বর এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আজ সকাল নয়টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
হরতালের কারণে চারটি বিষয়ের নির্ধারিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে শুক্রবারের পরীক্ষাগুলো প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হবে এবং অন্য দিনের পরীক্ষা যথারীতি সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা ৭ ও ১৪ নভেম্বর এবং ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষা ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি। বোর্ডের বিভিন্ন কর্মকর্তার সমন্বয়ে পাঁচটি পর্যবেক্ষক দল বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণ করবে।’ বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার এক হাজার ১২৫টি বিদ্যালয়ের এক লাখ ৫২ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৬৮ হাজার ৮০২ জন ছাত্র এবং ৮৩ হাজার ৫৬৬ জন ছাত্রী রয়েছে। এ বছর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১৯৯টি।
গত বছরের তুলনায় পরীক্ষার্থী ও পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়েছে এ বছর। গত বছর এক হাজার ১০৫টি বিদ্যালয়ের এক লাখ ৪০ হাজার ৬৪৯ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষাকেন্দ্র ছিল ১৯৪টি।