দেড় শতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ। ফিটনেসবিহীন ও দ্রুতগতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছে তারা। দুর্ঘটনার পর থেকে এ পর্যন্ত ওই মহাসড়কে দেড় শতাধিক গাড়িকে মামলা ও জরিমানা করা হয়েছে।
এদিকে ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত আরও একজন গতকাল শুক্রবার মারা গেছেন। আর দুর্ঘটনায় জড়িত কেয়া পরিবহনের চালককে গ্রেপ্তার করা হয়েছে।
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজির মোড়ে গত ২০ অক্টোবর ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে রাজশাহীগামী কেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে নাটোর থেকে গুরুদাসপুরগামী অথৈ পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনার দিনই ৩২ জন নিহত ও ২২ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর রেজির মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ ফিটনেসবিহীন ও দ্রুতগতির গাড়ি, অতিরিক্ত মালবোঝাই ও ছাদে যাত্রী বহনের বিরুদ্ধে অভিযানে নামে। পাশাপাশি মহাসড়কে অবৈধ ভটভটি, নছিমন ও করিমন চলাচলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু করা হয়। ইতিমধ্যে ফিটনেসবিহীন ও দ্রুতগতিতে গাড়ি চালানোর অভিযোগে দেড় শতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে কেবল গতকালই বনপাড়া বাইপাস মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফিটনেসবিহীন, দ্রুতগতিতে গাড়ি চালানো, ছাদে যাত্রী বহন, চালকের লাইসেন্স না থাকা ইত্যাদি ঘটনায় নয়টি বাসের চালককে ১২ হাজার টাকা, অতিরিক্ত মালামাল বোঝাইয়ের অভিযোগে দুটি ট্রাককে তিন হাজার ৪০০ টাকা এবং মহাসড়কে অবৈধ চলাচলের অভিযোগে তিনটি ভটভটিকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আটক করা হয় ১০টি ভটভটি।
বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শরীফুন্নেসা ওই আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশ জানায়, রেজির মোড়ের দুর্ঘটনায় জড়িত দুটি বাসের একটি কেয়া পরিবহনের চালক নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ওই চালককে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফুয়াদ রুহানী। তিনি বলেন, নাজিম উদ্দিনের অবস্থার উন্নতি হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর দুর্ঘটনার পর রাস্তায় পড়ে থাকা হতাহত ব্যক্তিদের চাপা দিয়ে চলে যাওয়া হানিফ পরিবহনের চালকসহ গাড়িটি আটকের ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে।
অন্যদিকে রেজির মোড়ের দুর্ঘটনায় আহত গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের জাবেদ আলীর ছেলে আবদুল ওহাব (৭৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা গেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রামের ইউএনও শরীফুন্নেসা।