জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এআরএ পাটকল ও মিমকো পাটকল লিমিটেড নামের দুটি পাটকল বন্ধ রয়েছে। এ কারণে প্রায় এক বছর ধরে ওই দুটি পাটকলের দেড় হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
পাটকল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পাটের মন্দা বাজার, কাঁচামালের অভাব ও প্রায় ১১ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল না দেওয়ায় পৌরসভার শিমলা বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত এআরএ পাটকলের বিদ্যুৎ-সংযোগ গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া গত অর্থবছরে এই পাটকলে প্রায় কোটি টাকার লোকসান হয়েছে। এ কারণে ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর পাটকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনোয়ারুল বছির খান স্বাক্ষরিত পাটকল বন্ধের একটি ঘোষণাপত্র প্রধান ফটকের সামনে টাঙিয়ে দেওয়া হয়। এরপর থেকে পাটকলটি বন্ধ রয়েছে।
এআরএ পাটকলের শ্রমিক ইকবাল হোসেন সর্দার, হিসাবরক্ষক কালাচান তেওয়ারী, মেকানিক্যাল বিভাগের শ্রমিক সুবাস চন্দ্র পালসহ আরও কয়েকজন শ্রমিক জানান, শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস না দিয়ে পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই পাটকলের পাঁচ শতাধিক শ্রমিক সাড়ে আট মাস ধরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এদিকে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় অবস্থিত মিমকো পাটকলের আড়াই বছর ধরে ৩৯ জন পাট ব্যবসায়ীর কাছে প্রায় ১১ কোটি টাকা বকেয়া রয়েছে। গত অক্টোবরে পাটকল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে এই পাটকলের প্রায় এক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ কারণে তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন।
মিমকো পাটকলের শ্রমিক রুবেল মিয়া (৩২) বলেন, ‘কারখানা বন্ধ থাকায় অলস সময় কাটে। সরকারিভাবে উদ্যোগ নিয়ে কারখানাটি চালু হলে আমরা কর্মের মাধ্যমে বেঁচে থাকতে পারব।’
এআরএ পাটকলের এমডি মো. আনোয়ারুল বছির খান বলেন, পাটের মন্দা বাজার, কাঁচামালের অভাব এবং বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মিল বন্ধ করে দিতে হয়েছে। চলতি জুনে পাটকল চালু করা হবে।
মিমকো পাটকল লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুল ওয়াদুদ খান বলেন, ‘কাঁচামাল সরবরাহকারী ব্যবসায়ীদের পাওনা পরিশোধ করতে না পারায় মিল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাংকে ঋণের জন্য আবেদন করেছি। ঋণ পাস হলেই ফের কারখানা চালু করা হবে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিছ জাহান বলেন, ‘ওই দুটি পাটকল বন্ধ থাকার বিষয়ে মালিকদের সঙ্গে কথা বলেছি। শিগগিরই কারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।’