যশোরের অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চলের বিভিন্ন বিলে এখনো প্রায় দেড় হাজার হেক্টর কৃষিজমি জলাবদ্ধ হয়ে আছে। সেখানে বোরো চাষ হচ্ছে না। ফলে উপজেলায় চলতি বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
বিল কেদারিয়া, বিল কপালিয়া, বিল গান্ধিমারী, বিল কাছুরাবাদ, বিল বোকড়, বিল ঝিকরা, বিল ডুমুর, বারান্দী, বিল চাতরা ও বাগদার বিল ঘুরে দেখা গেছে, বেশির ভাগ অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে কয়েকটি বিলের ওপরের অংশে কৃষকেরা ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে পানি সেচে বোরো আবাদের চেষ্টা করছেন।
কয়েকজন কৃষক প্রথম আলোকে বলেন, এলাকার কোনো বিলে বর্তমানে জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট—টিআরএম) কার্যকর নেই। এ কারণে এলাকার পানিনিষ্কাশনের মাধ্যম শ্রী, হরি ও টেকা নদী পলিতে ভরাট হয়ে গেছে। গত বর্ষা মৌসুমে দুই দফা বর্ষণে তলিয়ে যায় ভবদহ অঞ্চলের অধিকাংশ বিল। ওই বিলগুলোতে এখনো দুই থেকে তিন ফুট পানি রয়েছে।
উপজেলার ডুমুরতলা গ্রামের কৃষক সমরেশ বৈরাগীর বিল গান্ধিমারী, বিল কাছুরাবাদ ও বিল কেদারিয়ায় ২০ বিঘা জমি আছে। পানি সেচে তিনি এবার বিল কেদারিয়ার ১৩ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তিনি বলেন, ‘গত বছর সব জমিতেই বোরো ধান লাগাতে পেরেছিলাম। বিল কাছুরাবাদ ও বিল গান্ধিমারীতে আমার সাত বিঘা জমি রয়েছে। সেখানে এখনো দুই-তিন ফুট জল। ওই জমিতে এবার বোরো ধান লাগানো সম্ভব হচ্ছে না।’
বারান্দী গ্রামের কৃষক নাসির হায়দার বলেন, ‘বিল কেদারিয়ায় ১৮ বিঘা জমি আছে। এর মধ্যে মাত্র আড়াই বিঘা বাদে জলাবদ্ধতার জন্য বাকি সাড়ে ১৬ বিঘায় ধান লাগানো যাচ্ছে না।’
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, গত বছর উপজেলার ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরোর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছিল ১৪ হাজার ৭৩০ হেক্টর জমিতে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ১৫ হাজার ৬৫৪ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী বলেন, তিন বছর ধরে এলাকার কোনো বিলে টিআরএম চালু না থাকায় হরি, শ্রী ও টেকা নদী পলিতে ভরাট হয়ে গেছে। পানিনিষ্কাশিত না হওয়ায় এলাকার বিলগুলো জলাবদ্ধ হয়ে আছে। তিনি আরও বলেন, বিল গান্ধিমারী, বিল কাছুরাবাদ ও বিল বোকড়ের তিন-চতুর্থাংশে এবং বিল কেদারিয়া, বিল ঝিকরা, বিল ডুমুর, চাতরা, কপালিয়া, বারান্দী ও বাগদার বিলের অর্ধেক অংশ এবার অনাবাদি থেকে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, উপজেলার বিভিন্ন বিলে এখনো প্রায় দেড় হাজার হেক্টর কৃষিজমিতে পানি জমে আছে। সেখানে বোরো আবাদের সম্ভাবনা কম।