দেদার চলছে অবৈধ 'ভিডিও চ্যানেল'
রাজধানীসহ সারা দেশে বিভিন্ন পাড়া-মহল্লায় অবৈধভাবে চলছে ‘ভিডিও চ্যানেল’। অনুমোদিত স্যাটেলাইট চ্যানেল চালানোর পাশাপাশি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে একই ডিশ সংযোগের মাধ্যমে পছন্দ অনুযায়ী ছবি, নাটক ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করছেন স্থানীয় কেব্ল পরিচালকেরা, যা ‘কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক আইনের’ পরিপন্থী। অনেক ক্ষেত্রে কপিরাইট আইনেরও লঙ্ঘন হচ্ছে।
গত মে মাসে নারায়ণগঞ্জে ‘সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে আলোচিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে হেফাজতসহ অন্যান্য ধর্মভিত্তিক সংগঠনের বক্তব্য এসব ভিডিও চ্যানেলে অনবরত সম্প্রচার করা হয়। এ ধরনের সম্প্রচারের কারণে এ ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, কেব্ল পরিচালকেরা স্থানীয়ভাবে এসব চ্যানেল প্রচার করে আসছেন। এর মধ্যে বেশির ভাগ চ্যানেল ‘ভিডিও চ্যানেল’ নামে প্রচার করলেও ইউসিএস নামের একটি চ্যানেল নাম ও প্রতীক ব্যবহার করছে স্যাটেলাইট চ্যানেলের মতোই; যেখানে নির্বাচিত গান, নাটক, নতুন-পুরোনো দেশি-বিদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচার করা হচ্ছে। কোনো কোনো এলাকায় মধ্যরাতে অশ্লীল ছবি চালানোর অভিযোগও আছে।
ভিডিও চ্যানেলে টেলপ বিজ্ঞাপনের পাশাপাশি ভিডিও আকারে বিভিন্ন হাসপাতাল, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, চায়নিজ রেস্তোরাঁ, বিউটি পারলারসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখানো হয়। সবচেয়ে বেশি প্রচারিত হয় কথিত জিনসাধক, দরবেশ, ফকির, তান্ত্রিকদের বিজ্ঞাপন।
ইউসিএস চ্যানেলে প্রচারিত মুঠোফোন নম্বরে কল করলে সুজন নামের এক ব্যক্তি ফোন ধরেন। তিনি জানান, এ চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করতে মাসে ৪৫ হাজার টাকা লাগবে, স্ক্রল বিজ্ঞাপন প্রচার করতে লাগবে ২৫ হাজার। কারওয়ান বাজারে নিজ প্রতিষ্ঠানের ঠিকানা জানিয়ে ইউসিএসের ওই প্রতিনিধি জানান, এলাকাভিত্তিক প্রতিষ্ঠান হলেও এটি সারা শহরেই প্রচার করা হয়।
কেব্ল পরিচালকদের সংগঠন—কোয়াবের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ জানান, এর আগে তাঁরা সমিতির পক্ষ থেকে দেশের সব কেব্ল পরিচালককে ভিডিও চ্যানেল প্রচারের ব্যাপারে নিষেধ করেছেন। তবে এখনো কেউ কেউ ভিডিও চ্যানেল প্রচার করছেন, যা অবৈধ।
অবৈধ চ্যানেল দেখানোর প্রভাব পড়ছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান, পাইকারি ও এলাকাভিত্তিক খুচরা ভিডিও সিডির ব্যবসায়ীদের ওপর। লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা বৈধভাবে একটি নতুন নাটক কিংবা চলচ্চিত্র বাজারে ছাড়লে ডিশ চ্যানেলে তা বারবার দেখানো হয়। এর ফলে আমাদের প্রকাশিত অ্যালবামগুলোর চাহিদা সত্ত্বেও বিক্রি কমে যায়।’
কপিরাইট বিশেষজ্ঞ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমান বলেন, এ ধরনের সম্প্রচার কপিরাইট আইনের সুস্পষ্ট লঙ্ঘন।