দেদার বিকোচ্ছে অক্টোপাস
কক্সবাজারের টেকনাফ উপজেলায় চলছে নির্বিচারে অক্টোপাস (আঞ্চলিক ভাষায় নুইন্যা) শিকার। হাটেবাজারে বিক্রি হচ্ছে দেদার। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁরা অক্টোপাস শিকারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর জোর দিয়েছেন। স্থানীয় জেলেরা জানান, টেকনাফ, সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ ও বাহারছড়ার কয়েকজন মাছ ব্যবসায়ী অক্টোপাস শিকার ও কেনাবেচার জন্য অর্থ বিনিয়োগ করেন। তাঁরা স্থানীয় জেলে ও মাছ ধরার নৌকার মালিকদের লাখ লাখ টাকা ‘দাদন’ দিয়ে রাখেন। ছোট-বড় অক্টোপাস শিকারে ব্যবহার করা হচ্ছে কারেন্ট জাল, বড়শি ও টানাজাল। টেকনাফ উপকূলের সেন্ট মার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া এলাকার তিন শতাধিক ইঞ্জিনচালিত নৌকায় জেলেরা অক্টোপাস শিকার করছেন প্রতিনিয়ত।টেকনাফ সৈকত ও স্থানীয় হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রতিদিন উপজেলার দুটি প্রধান বাজারে গড়ে ছোট-বড় প্রায় এক মণ অক্টোপাস বিক্রি করা হয়। প্রতি কেজি ছোট অক্টোপাসের দাম ৭০ থেকে ১০০ টাকা। আর বড় আকারের অক্টোপাস ১৫০-২০০ টাকায় বিক্রি হয়। অন্যদিকে, শুঁটকি করা অক্টোপাস প্রতি মণ বিক্রি হচ্ছে ২০-২৫ হাজার টাকায়।অক্টোপাস শিকারিরা জানান, প্রতি বছর শীত ও বর্ষা মৌসুমে প্রচুর অক্টোপাস ধরা পড়ে। উপকূলের কাছাকাছি ‘তিন বাইন’ এবং সেন্ট মার্টিন দ্বীপের পাথরবেষ্টিত এলাকায় প্রচুর অক্টোপাস ধরা পড়ছে। টেকনাফের হাটবাজারসহ ১৯টি স্থানে অক্টোপাস বেচাকেনা চলে প্রতিনিয়ত। এ ছাড়াও টেকনাফ থেকে অক্টোপাস দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা বাজার থেকে অক্টোপাস সংগ্রহ করে শুঁটকি পল্লিতে নিয়ে শুঁটকি দেন। শুঁটকি পল্লির শ্রমিক জাহেদ আলম (৩০) ও রহিমা খাতুন (২০) বলেন, প্রতিদিন গড়ে দুই থেকে চার মণ অক্টোপাস কেটে শুঁটকি বানানো হয়। এতে মজুরি পাওয়া যায় ১৩০ টাকা। এখন একটু কম ধরা পড়লেও শীত মৌসুমে অক্টোপাস ধরা পড়ে বেশি।টেকনাফের আদিবাসীদের পাশাপাশি রোহিঙ্গা উদ্বাস্তু এবং স্থানীয় কিছু লোকজনের মধ্যে অক্টোপাসের বেশ চাহিদা রয়েছে। তবে স্থানীয় বাজারে অক্টোপাসের শুঁটকি বিক্রয় হয় না। টেকনাফ থেকে প্রতি সপ্তাহে ট্রাকভর্তি অক্টোপাস শুঁটকি চট্টগ্রামে সরবরাহ করা হয়। স্থানীয় অক্টোপাস ব্যবসায়ী নুর আজিজ ও মো. আলী জানান, অক্টোপাস শুঁটকি চট্টগ্রামের তিন পার্বত্য এলাকার পাশাপাশি প্রক্রিয়াজাত করে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানো হচ্ছে বলে শুনেছি। বিদেশে অক্টোপাসের ব্যাপক চাহিদা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের জীববৈচিত্র্য কর্মকর্তা ও টেকনাফ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, সামুদ্রিক খাদ্যচক্রে অক্টোপাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অগভীর ও গভীর সাগরের অনেক প্রাণীর খাদ্য অক্টোপাস। সামুদ্রিক পাখি এবং স্তন্যপায়ী প্রাণীরাও অক্টোপাস শিকার করে তাদের খাদ্যের জন্য। আমিনুল হক জানান, অক্টোপাসের দেহ থেকে যে কালো রং নিঃসৃত হয়, তা সমুদ্রের পরিবেশকে ঠান্ডা রাখতে সাহায্য করে। সামুদ্রিক প্রাণীর গুণাগুণ নিয়ন্ত্রণেও অক্টোপাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা সমুদ্রের পানিতে ফাইটোপ্লাংকটনের আধিক্য নিয়ন্ত্রণ করে এবং পানি পরিষ্কার রাখতে সাহায্য করে। ফাইটোপ্লাংকটন পানিতে অক্সিজেনের মূল উত্স। অক্টোপাস ধরার জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।উপজেলা মত্স্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ বলেন, অক্টোপাস ধরার ক্ষেত্রে সামুদ্রিক আইনে তেমন কোনো বিধিনিষেধ নেই। অক্টোপাস শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।