চট্টগ্রামের পটিয়ায় দেনমোহরের টাকা দাবি করায় রেশমী আকতার ওরফে রেশমা (২৩) নামের এক গৃহবধূকে হত্যা করার কথা স্বীকার করেছেন তাঁর স্বামী মো. রাশেদ ও তাঁর তিন সহযোগী। গত শনি ও রোববার চট্টগ্রাম বিচারিক হাকিম মাসুদ পারভেজের আদালতে দেওয়া জবানবন্দিতে তাঁরা হত্যার দায় স্বীকার করেন।মামলাসূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা এলাকার বাসিন্দা রাশেদের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক পুত্রসন্তানের জননী রেশমার বিয়ে হয়। কাবিনে দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা। বিয়ের পর রেশমার আগের ঘরের পুত্রসন্তানসহ তাঁরা চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন। মাস খানেকের মধ্যে রাশেদের আরেক স্ত্রী থাকার বিষয়টি রেশমার কাছে ফাঁস হয়ে যায়। তাই রেশমা তাঁর বাবার বাড়ি চলে যান এবং দেনমোহরের তিন লাখ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়।গত ৭ জুন রেশমা নিখোঁজ হন। গত ৩০ জুন এ ব্যাপারে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে গত ২৭ জুলাই পটিয়া থানায় রাশেদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা হয়।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছবুর প্রথম আলোকে বলেন, রেশমার মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে গত ৩১ জুলাই হাটহাজারী উপজেলা থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়। এরপর পর্যায়ক্রমে মোহাম্মদ আবছার (৩২), মোহাম্মদ এরশাদ (৩০) ও মোহাম্মদ জাহেদ (১৯) নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, ৭ জুন ঢাকায় যাওয়ার পথে প্রাইভেট কারের ভেতর শ্বাসরোধে হত্যা করে রেশমার লাশ ফেনীর ছাগলনাইয়ায় মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।