দেনমোহরের টাকা থেকে চাঁদা না দেওয়ায় হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের পার্বতীপুরপাড়ায় গত রোববার রাতে আবদুর রাজ্জাক (২২) নামে এক তরুণকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। বখাটেদের চাঁদা না দেওয়ায় তারা তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও রাজ্জাকের পরিবার সূত্র জানায়, পার্বতীপুরপাড়ার নজরুল ইসলামের মেয়ের সঙ্গে তাঁর স্বামীর বনিবনা না হওয়ায় আইন অনুযায়ী তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর স্বামী দেনমোহরের ৭৫ হাজার টাকা নজরুলের মেয়ের ব্যাংক হিসাবে জমা দেন। এই টাকার ভাগ চায় এলাকার কয়েকজন বখাটে যুবক। টাকার জন্য তারা ওই পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। মেয়ের পরিবার তাদের টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার সন্ধ্যার পর নজরুলের বাড়ি থেকে তাঁর ছেলে আবদুর রাজ্জাককে কয়েকজন যুবক ধরে নিয়ে যায়। তারা বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে নিয়ে রাজ্জাককে ছুরিকাঘাত করে। এ সময় রাজ্জাকের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান। নজরুল ইসলাম বলেন, বিবাহবিচ্ছেদের পর মেয়ের দেনমোহরের টাকা ব্যাংকে জমা হলে সেই টাকা থেকে চাঁদা চায় এলাকার শাহীনসহ কয়েকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাজ্জাককে ধরে নিয়ে হত্যা করা হয়। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা জানান, এ ঘটনায় নজরুল ইসলাম এলাকার বখাটে যুবক শাহীনসহ আরও ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।