দেনা-পাওনার হিসাব মিলল না, জীবনের হিসাব চুকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা সোয়া লাখের বেশি, কিন্তু হালখাতায় উঠেছে মাত্র ২০ হাজার টাকা। ওদিকে দেনা আছে দেড় লাখ টাকা। এমন পরিস্থিতিতে বিষপানে আত্মহননের পথ বেছে নিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক চা-বিক্রেতা। গতকাল শনিবার তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই চা-বিক্রেতার নাম দুলাল হোসেন (৪৫)। তিনি দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের মৃত জাহান মণ্ডলের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দৌলতখালী গ্রামে মাদ্রাসা মোড় বাজারে দুলালের একটি চায়ের দোকান আছে। এ দোকানে এলাকার লোকজন বেশির ভাগ সময় বাকিতে চা পান করেন। গত ১ বছরে দুলালের ১ লাখ ৩০ হাজার টাকা পাওনা হয়। গত বৃহস্পতিবার চায়ের দোকানে হালখাতার আয়োজন করেন দুলাল। কিন্তু দিন শেষে দেখতে পান, মাত্র ২০ হাজার টাকা আদায় হয়েছে। এতে দুলাল মানসিকভাবে ভেঙে পড়েন। কারণ, দোকান ও সংসার চালাতে একই সময়ে তিনি প্রায় দেড় লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। হালখাতা শেষ মানেই এখন পাওনাদারেরা টাকা চাইবেন।
গত শুক্রবার সকালে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন দুলাল। তিনি নিজের মুঠোফোনটিও সঙ্গে নেননি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁকে পাননি পরিবারের সদস্যরা। গতকাল শনিবার সকালে গ্রামের মাঠের মধ্যে দুলালের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী প্রথম আলোকে বলেন, দুলাল অনেক টাকার ঋণগ্রস্ত ছিলেন। এমন পরিস্থিতিতে হালখাতায় টাকা আদায় না হওয়ায় তিনি হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই দুলাল বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তাঁর মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। এ ছাড়া শরীরে কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
আজগর আলী আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে। তাই থানায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।