দেনাদারকে না পেয়ে বাবাকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রজত কুমার সাহা নামের এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পাওনা দাবি করে তাঁর বাবা রথীন সাহার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রথীন সাহাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উপজেলা শহরের বাজারপাড়া এলাকার বাসিন্দা রথীন সাহার স্ত্রী বিউটি সাহা বলেন, তাঁদের বড় ছেলে রজত কুমার সাহা বিভিন্ন ব্যবসার নামে অনেক টাকা নষ্ট করেন। এরই মধ্যে তাঁরা বাড়ি বিক্রি করে মানুষের পাওনা ১৮ লাখ টাকা পরিশোধ করেছেন। এরপর এলাকার সবাইকে জানিয়ে দিয়েছেন, রজতের সঙ্গে কেউ যেন আর্থিক লেনদেন না করেন। রজতের সঙ্গে বর্তমানে তাঁদের কোনো সম্পর্ক নেই। তার পরও বদিয়ার রহমান নামের এক ব্যক্তি রজতের কাছে পাওনা টাকা দাবি করে তাঁর বাবা রথীন সাহাকে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকেন।গত বৃহস্পতিবার দুপুরে বদিয়ার রহমান লোকজন দিয়ে রথীন সাহাকে উপজেলা শহরের কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর থানা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয় এবং রজতের কাছে পাওনা টাকা পরিশোধ না করলে ছাড়া হবে না বলে জানানো হয়। একপর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থান প্লাস দিয়ে চেপে ধরে ২০০ টাকার স্ট্যাম্পে সই নিয়ে রথীনকে ছেড়ে দেওয়া হয়। পরে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অভিযোগের ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও বদিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে রথীন সাহার পরিবারের সদস্যরা সাধারন ডায়েরি (জিডি) করার জন্য থানায় এসেছিলেন। পরে তাঁরা আদালতে মামলা করবেন বলে ফিরে যান। আজ রোববার আদালতে গিয়ে মামলা করা হবে বলে রথীন সাহার স্ত্রী জানান।