দেনার দায়ে এলাকাছাড়া
মহাজনের কাছ থেকে দাদন নিয়ে সাগরে মাছ ধরতেন জামাল হাওলাদার। ইলিশের মৌসুমে সেই দাদনের টাকা শোধ করা তো দূরের কথা, ওই সময় সাগরে তেমন মাছ না পাওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। বেসরকারি সংস্থা ও স্থানীয় লোকজনের সুদের টাকায় ছয় সদস্যের অভাবের সংসার চালাতে গিয়ে দেনার দায়ে অজানার সন্ধানে বাড়ি ছাড়তে হয়েছে তাঁকে। ঋণগ্রস্ত জামাল হাওলাদারের বাড়ি বরগুনার পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানি গ্রামে।জামাল হাওলাদারের মতো ওই গ্রামের মনির সিকদার, হাফিজুর রহমান, মহসিন, ফরিদা বেগমসহ বেশ কিছু লোক দেনার দায়ে নিজ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তবে দক্ষিণ চরদুয়ানি গ্রামের শহীদ হোসেন, নজরুল ইসলাম, ফরিদ হোসেন, আফজাল হোসেন, শাহীন, মাহাবুব হোসেন, নাসির উদ্দিনসহ কয়েকজন ঋণগ্রস্ত ব্যক্তি গত এক সপ্তাহে ফিরে এসেছেন। তাঁরা জানান, বিগত দিনে এই সময় ইলিশের মৌসুম শুরু হয়ে যেত। কয়েক বছর ধরে, বিশেষ করে গত বছর ইলিশের মৌসুমে সাগরে মাছ না পড়ায় এবার ইলিশ শিকারের প্রস্তুতিতে অনেকটা ভাটা পড়েছে। তার পরও যাঁরা মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে মাছ ধরার সরঞ্জাম বিক্রি করে আবারও কাজের সন্ধানে চলে যাবেন। তাই জেলে ব্যবসার শেষ সম্বলটুকু বিক্রি করতে ফিরে এসেছে। তাঁরা সবাই ছয় মাস থেকে এক বছর যাবৎ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করে ফিরেছেন।একইভাবে ঋণগ্রস্ত হয়ে অজানার সন্ধানে রাতের আঁধারে বাড়ি ছেড়েছেন পাশের তাফালবাড়িয়া গ্রামের আবদুল কাদের খাঁ, বেলায়েত মৃধা, আবদুস সত্তারের ছেলে নূরুল ইসলামসহ আরও কয়েকজন। ঋণগ্রস্ত জামালের বাবা আমজাদ হওলাদার জানান, ছয়জনের সংসারে একমাত্র ছেলে জামাল হাওলাদারই ছিলেন আয়-রোজগারের ব্যক্তি। মাছ ধরা ট্রলার ও জেলেদের জিমিঞ্চ রেখে আড়তদারের কাছ থেকে দাদন নেন তিনি। সিডরের পর থেকেই জেলে ব্যবসায় তাঁরা লোকসান গুনছিলেন। এরপর বেশ কয়েকটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা সচল রাখতে বারবার চেষ্টা করেছেন। কিন্তু প্রতিবারই ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। আর এ কারণে প্রতিনিয়ত ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। ওই ট্রলারের শূন্যভাগীরাও সংসার চালাতে আড়তদার ও ট্রলারমালিকদের কাছে ঋণগ্রস্ত হয়েছেন। এভাবে ঋণগ্রস্ত হয়ে জামাল হাওলাদার (৩০) ও তাঁর স্ত্রী চম্পা বেগম (২৫) ছয় মাস আগে রাতের আঁধারে বাড়ি ছাড়েন। এ সময় তাঁদের দুই সন্তান জান্নাতি (দুই) ও রাকিবকে (ছয়) দাদা-দাদির কাছে রেখে যান।গত রোববার চট্টগ্রাম থেকে জামাল হাওলাদার মুঠোফোনে বলেন, ‘ছয় মাস আগে ঋণগ্রস্ত হয়ে স্ত্রীকে নিয়ে রাতের আঁধারে বাড়ি ছেড়েছি। জেলে ব্যবসায় বারবার লোকসান গুনতে গিয়ে দুধের শিশুকে বাড়ি রেখে এভাবে পালিয়ে আসতে হয়েছে। এখানে স্ত্রী চম্পা বেগম গার্মেন্টসে আর আমি শ্রমিক হিসেবে কাজ করছি। তবে সন্তানদের জন্য বাড়িতে মাঝেমধ্যে সামান্য কিছু টাকা পাঠাতে পারলেও বৃদ্ধ মা-বাবার খোঁজ রাখতে পারছি না।’জামাল হাওলাদারের বোন মিনার বেগম বলেন, ‘কিছু দিন আগে ঘরে কাজ করতে গিয়ে আমার বৃদ্ধ মা আম্বিয়া বেগমের ডান হাত ভেঙে গিয়েছিল। ঠিকভাবে চিকিৎসা করতে না পারায় এখনো হাতটা পুরোপুরি ভালো হয়নি। তা ছাড়া আমার শ্বশুরবাড়ির কাছের এক আত্মীয়ের কাছ থেকে ৩০ হাজার টাকা সুদে এনে ভাইকে দিয়েছিলাম। আজ এক বছর পর সুদ-আসলে তাঁকে ৪৫ হাজার টাকা দিতে হবে। ধার-দেনা করে ১০ হাজার টাকা শোধ করতে পারলেও বাকি ৩৫ হাজার টাকা এই জ্যৈষ্ঠ মাসের মধ্যেই পরিশোধ করতে হবে বলে ওই ব্যক্তি আমার শ্বশুরবাড়ির লোকদের চাপ দিচ্ছেন।’সম্প্রতি ফিরে আসা নাসির উদ্দিন বলেন, ‘এক সপ্তাহেও জালগুলো বিক্রি করতে পারিনি। ইচ্ছা থাকলেও অনেকেই এবার নগদ টাকায় জাল কিনতে পারছে না। আমার মতো, অনেকেই জাল বিক্রি করে আবারও শ্রমিকের কাজে চলে যাবে।’ এ সময় তিনি আক্ষেপ নিয়ে আরও বলেন, ‘ঋণগ্রস্ত হওয়ায় মাছ দিয়ে কবে ভাত খেয়েছি, তা-ও মনে নেই। ছেলে দুটির মুখের দিকেও তাকাতে পারি না।’