দেনার বোঝা নিয়ে আত্মগোপন
কুষ্টিয়ার চালের মোকাম খাজানগর এলাকার চাল ব্যবসায়ী মোফাজ্জেল হোসেন (৩২) তিন কোটি টাকা দেনার বোঝা নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি খাজানগর এলাকার খোরশেদ হোসেনের ছেলে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় সাত-আট বছর ধরে তিনি খাজানগর এলাকার বিভিন্ন চাতাল থেকে চাল কিনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বাজারে আড়তে মুজদ করে বিক্রি করতেন। এসব চাল বাকিতে কিনে বছর শেষে দেনা পরিশোধ করতেন। এ বছর খাজানগর এলাকার ১০-১২ জনের কাছ থেকে প্রায় তিন কোটি টাকার চাল নিয়েছেন। এই দেনার ভয়ে তিনি আত্মগোপন করেছেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন।তবে তাঁর পরিবারের দাবি, মোফাজ্জেলকে সন্ত্রাসীরা টাকাসহ অপহরণ করেছে।চাল এজেন্সির মালিক তৈয়ব আলী বলেন, ‘আমি মোফাজ্জেল হোসেনের কাছে প্রায় এক কোটি ৬৯ লাখ টাকা পাই। প্রতিবছর বৈশাখ মাসে দেনা পরিশোধ করলেও এবার তিনি কোনো টাকা দেননি, বরং আমাকে তিনি এপ্রিল মাসের শেষের দিকে এবং মে মাসের প্রথম দিকে চারটা চেক (পাঁচ লাখ টাকার প্রতিটি) দেন। ওই চেক দিয়ে ৬ মে কুষ্টিয়া বড়বাজারে জনতা ব্যাংকে টাকা তুলতে গেলে তাঁর ব্যাংক হিসাবে কোনো টাকা পাওয়া যায়নি। এর পরের দিনই জানতে পারি তিনি নিখোঁজ।’ খাজানগর এলাকার সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি মোফাজ্জেলের কাছে ১০ লাখ টাকা পাব। নিখোঁজ হওয়ার ছয় দিন পর তিনি আমাকে মুঠোফোনে জানান, তাঁকে সন্ত্রাসীরা অপহরণ করে সাভারে নিয়ে ছেড়ে দিয়েছে। এ সময় তাঁর কাছে থাকা সাত লাখ টাকাও ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।’মোফাজ্জেল হোসেনের স্ত্রী জরিনা খাতুন বলেন, ‘গত ৭ মে আমার স্বামী আলমডাঙ্গা থেকে খাজানগরের বাড়ি ফেরার পথে কুষ্টিয়া আলমডাঙ্গা সীমান্ত এলাকা থেকে প্রায় সাত লাখ টাকাসহ নিখোঁজ হন। এরপর থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন, তা-ও জানি না। তবে লোকমুখে জানতে পেরেছি, তাঁর সঙ্গে কয়েকজনের কথা হয়েছে।’ তিন কোটি টাকা দেনার কথা অস্বীকার করে তিনি জানান, যে ব্যক্তি নিখোঁজ আছে, তাঁর কাছে অনেকে পাঁচ টাকার স্থলে ১০ টাকা পাবেন বলে দাবি করতেই পারেন। মোফাজ্জেল হোসেন মুঠোফোন দিয়ে যে রবি নম্বর থেকে খাজানগর এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন, সেটি বন্ধ পাওয়া গেছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ৭ মে মোফাজ্জেলকে কেউ অপহরণ করেনি। কেননা মোটরসাইকেলটি রাস্তার পাশ থেকে সুন্দরভাবে দাঁড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। আর সন্ত্রাসীরা সাত লাখ টাকা পেলে তাঁকে কেন ধরে নিয়ে যাবে? তবে কয়েক দিন আগে মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পেরেছি, তিনি কুমিল্লার কোনো এক জায়গায় আত্মগোপন করে আছেন।