পাবনার বেড়া পৌরসভার হাতিগাড়া মহল্লার হাফিজুর রহমান ছিলেন তাঁতমালিক। তাঁর আটটি তাঁতে প্রতিদিন কমপক্ষে আটজন করে শ্রমিক কাজ করতেন। কিন্তু তাঁতশিল্পের চলমান বিপর্যয়ে পরিস্থিতি পুরো পাল্টে গেছে। ব্যাপক লোকসানের মুখে মাস দেড়েক হলো বন্ধ হয়ে গেছে তাঁর সবকটি তাঁত। এ সময়ের মধ্যে তিনি মালিক থেকে পরিণত হয়েছেন শ্রমিকে। এখন অন্যের মুরগির খামারে দিন-হাজিরায় শ্রমিকের কাজ করছেন তিনি। তাঁর তিন ছেলেও বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করছেন। হাফিজের ছেলে সাইফুল ইসলাম (২৮) বলেন, ‘একসময় এই তাঁত আমাগরে সুখ, টাকা-পয়সা—সব দিছিল। এখন এই তাঁতই আবার সবকিছু কাইড়্যা নিল। আমরা এখন অন্যের বাড়িতে কাম কইর্যা খাই।’শুধু হাফিজের পরিবারই নয়—জেলার বেড়া, সাঁথিয়া, সুজানগর, আটঘরিয়াসহ তাঁতসমৃদ্ধ উপজেলাগুলোর অসংখ্য তাঁতি পরিবারে এমন দুর্যোগ নেমে এসেছে। এসব তাঁতি পরিবারের মাথার ওপর বিরাট অঙ্কের দেনার বোঝা। দেনার ভয়ে অনেক তাঁতি পরিবার-পরিজন ফেলে পালিয়ে বেড়াচ্ছেন। জানা গেছে, নানা প্রতিকূলতার কারণে এমনিতেই পাবনার তাঁতশিল্প দীর্ঘদিন ধরে সমস্যায় ধুঁকছে। এর ওপর ছয় মাস ধরে সুতার দাম বাড়তে থাকায় তাঁতশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায়। তাঁতিরা জানান, সুতার দাম বাড়লেও সেই অনুপাতে উৎপাদিত কাপড়ের দাম না বাড়ায় কয়েক মাস ধরে ক্রমাগত লোকসান গুনতে হচ্ছে। ব্যাপক লোকসানের মুখে ইতিমধ্যে জেলার প্রায় অর্ধেক তাঁত বন্ধ হয়ে গেছে। বেড়ার হাতিগাড়া মহল্লায় মাস ছয়েক আগেও পাঁচ শতাধিক তাঁত সচল ছিল। গতকাল মঙ্গলবার সেখানকার তাঁতিদের সঙ্গে কথা বলে জানা যায়, ছয় মাসে তিন শতাধিক তাঁতই বন্ধ হয়ে গেছে। চালু থাকা তাঁতগুলো ব্যাপক লোকসান দিয়ে ধুঁকে ধুঁকে চলছে। তাঁতিরা জানান, এভাবে চললে এক থেকে দেড় মাসের মধ্যে এ মহল্লার বাকি তাঁতগুলোও বন্ধ হয়ে যাবে। মহল্লার তাঁতি জহুরুল ইসলাম জানান, সুতার মহাজনদের কাছে তাঁর লক্ষাধিক টাকা দেনা। এক থান (চারটি) লুঙ্গির উৎপাদন খরচ ৬৩০ টাকা হলেও তা বিক্রি করতে হচ্ছে ৫৮০ টাকায়। তিনি বলেন, ‘আমাগরে মতো যারা তাঁত চালু রাখিছে, তারা জাইন্যা-শুইন্যা কোরবানি হয়া যাত্যাছে।’ তাঁতিরা জানান, বন্ধ হয়ে যাওয়া তাঁতগুলোর বেশির ভাগই প্রান্তিক তাঁতিদের। বেড়া পৌর তাঁতশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘গত কয়েক মাসে বেড়ার প্রচুর শ্রমিক তাঁতের কাম ছাইড়্যা অন্য কামে ঢুকছে। যারা অন্য কাম পারে না, তারাই এখনো তাঁতের কামে পইড়্যা আছে। এসব তাঁতশ্রমিকের দিন কাটত্যাছে খুবই কষ্টে।’গত রোববার পাবনা প্রেসক্লাবে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাবনার ৫০ হাজার তাঁতের মধ্যে ৩০ হাজার তাঁত ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। নানা প্রতিকূলতার মধ্যে জেলার তাঁতশিল্প যখন ধুঁকছে—ঠিক সে সময় একটি সিন্ডিকেটচক্র ৬৫ টাকা পাউন্ডের সুতা ১১০ থেকে ১২৫ টাকা পাউন্ড দরে বিক্রি করে কোটি কোটি টাকাহাতিয়ে নিচ্ছে।