দেনায় জর্জর বিআরটিসির লকডাউন–আতঙ্ক
এমনিতেই শতকোটি টাকার দেনায় জর্জর সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। প্রায় সব বাস ডিপোতে বেতন বকেয়া পড়ে আছে। অবসরে যাওয়া কর্মীরা বকেয়া পাওনার জন্য ঘুরছেন। এমন পরিস্থিতিতে আবারও সোমবার থেকে গণপরিবহনের চলাচল বন্ধের সিদ্ধান্ত দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় বিআরটিসির কর্মীরা বেতন ও বোনাস নিয়ে শঙ্কায় পড়েছেন।
করোনা সংক্রমণ বেড়ে গেলেই সরকার লকডাউন বা বিধিনিষেধ আরোপ করে। এই বিধিনিষেধের প্রথম খড়্গটা পড়ে গণপরিবহন খাতে। বেসরকারি খাতের পরিবহনমালিকেরা ঋণের কিস্তি স্থগিতসহ সামান্য কিছু সুবিধা পেয়ে থাকেন। শ্রমিকদের তালিকা ধরে সরকারি সহায়তা দেওয়া হয়। তবে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির কর্মীরা প্রতিষ্ঠানের দিকেই চেয়ে থাকেন। কিন্তু বিআরটিসি স্বাভাবিক সময়েই দেনায় দায়গ্রস্ত প্রতিষ্ঠান। করোনার বিধিনিষেধে প্রতিষ্ঠানটির অবস্থা আরও নাজুক হয়েছে, বেকায়দায় পড়েছেন কর্মীরা।
বিআরটিসি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা ৩ হাজার ১৩০। নিজ নিজ ডিপোর আয় থেকে তাঁদের বেতন হয়। সংস্থাটি যাত্রী ও মালামাল পরিবহনের পাশাপাশি জমি-ভবন ভাড়া দিয়ে আয় করে। সব মিলিয়ে মাসে গড়ে ১২ কোটি টাকা আয় হয়। ছয় কোটি টাকা চলে যায় অবসরে যাওয়া কর্মীদের সুবিধা পরিশোধে এবং পরিবহন রক্ষণাবেক্ষণে। আর মাসে বেতন লাগে সাড়ে ৭ কোটি টাকার মতো। অর্থাৎ স্বাভাবিক সময়েই আয়ের তুলনায় ব্যয় কিছুটা বেশি। দীর্ঘদিন ধরেই প্রতি মাসে আয়-ব্যয়ের মধ্যে ঘাটতি চলে আসছে। করোনা সংক্রমণে লকডাউনের কারণে সেই আয়ও হচ্ছে না। সব মিলিয়ে বর্তমান ও অবসরে যাওয়া কর্মীদের কাছে প্রায় ১০০ কোটি টাকা দেনা রয়েছে বিআরটিসির।
বিআরটিসি সূত্র জানায়, করোনা মহামারির শুরু থেকে সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের আনা-নেওয়ায় নিয়োজিত রয়েছে বিআরটিসির ৫০টির মতো বাস। এসব বাসের ভাড়া বাবদ প্রায় আড়াই কোটি টাকা আটকে আছে। বিআরটিসির কর্মকর্তারা বলছেন, হাসপাতালগুলোর বিল বিভিন্ন দপ্তর ঘুরে পাস হয়ে আসতে সময় লাগে। কিন্তু ডিপোগুলোর আয়ের খাত হিসেবে হাসপাতালের কর্মীদের আনা-নেওয়ার কাজে নিয়োজিত বাসের ভাড়াও ধরা আছে। লকডাউনের কারণে বাস বন্ধ। আবার চালু বাসেরও ভাড়া পাওয়া যাচ্ছে না। ফলে কর্মীদের বেতন আটকে যাচ্ছে।
হাসপাতালগুলোতে মতিঝিল, মিরপুর, জোয়ারসাহারা ও গাবতলী ডিপো থেকে বাস সরবরাহ করা হয়। এসব ডিপোতে আগে থেকেই পাঁচ মাস থেকে এক বছরের বেশি বেতন বকেয়া আছে। ফলে দেনার দায় আরও বাড়ছে।
মে মাসের বেতন সারা দেশে একসঙ্গে দেওয়া হয়েছে। কিন্তু লকডাউন বেকায়দায় ফেলে দিয়েছে
বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিআরটিসি সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। মে মাসের বেতন সারা দেশে একসঙ্গে দেওয়া হয়েছে। কিন্তু লকডাউন বেকায়দায় ফেলে দিয়েছে। এক সপ্তাহ বাস চালাতে পারলেও ঈদের আগে বেতন-বোনাস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি বলেন, তিনি ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়ে আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন, যাত্রী সেবার মানোন্নয়ন—এই ব্রত নিয়ে কাজ করছেন। ফেব্রুয়ারি ও মার্চ মাসে চার কোটি টাকা বাড়তি আয়ও হয়েছে। নির্বিঘ্ন বাস চালাতে পারলে পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করতে পারবেন বলে তিনি জানান।
বিআরটিসির আইন অনুসারে, প্রতিষ্ঠানটির আয় থেকেই বেতন-ভাতাসহ সব খরচ বহন করতে হবে। সংস্থাটির সূত্র বলছে, করোনা সংক্রমণের ১৫ মাসের ১৩ মাসই আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। এর মধ্যে তিন মাসের মতো বাস চলাচল একেবারেই বন্ধ ছিল। এর বাইরে বিআরটিসির বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও সরকারি দপ্তরে ভাড়ায় চলে।
বিআরটিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বর্তমান কর্মীদের বেতনের পাশাপাশি অবসরে যাওয়া কর্মীদের পাওনাও গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সংস্থাটির। সুরুজ মিয়া নামের এক কর্মীর টাকা আটকে আছে দীর্ঘদিন। গতকাল রোববার ওই কর্মী বিআরটিসির প্রধান কার্যালয়ে চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। ওই কর্মী তাঁদের বলেন, তাঁর হার্টে সমস্যা, রিং পরাতে হবে। এখন চিকিৎসা করাতে না পারলে হয়তো একদিন টাকা পেয়েও তাঁর কোনো কাজে আসবে না। এই কথা শুনে বিআরটিসির চেয়ারম্যান ওই কর্মীকে চিকিৎসার জন্য দ্রুত টাকা ছাড় করার বিষয়ে নির্দেশনা দেন।
করোনা সংক্রমণের ১৫ মাসের ১৩ মাসই আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে।
এই পরিস্থিতিতে কর্মীদের বেতন-ভাতা পরিশোধে গত ৪ এপ্রিল সরকারের কাছে ৯৯ কোটি টাকা চেয়েছিল বিআরটিসি। সড়ক পরিবহন মন্ত্রণালয় হয়ে এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে গেলে তা নাকচ করে দেওয়া হয়। অবশ্য গত বছর সাধারণ ছুটির সময় সরকারের কাছে ২০ কোটি টাকা চেয়েছিল বিআরটিসি। দুই দফায় সরকার ঋণ হিসেবে ১০ কোটি টাকা দিয়েছিল।
সারা দেশে বিআরটিসির ২১টি বাস ও ২টি ট্রাক ডিপো আছে। প্রায় সব কটিতেই বেতন বকেয়া পড়ে আছে। ঢাকার গাবতলী, চট্টগ্রাম, বগুড়া ও রংপুর ডিপোতে কর্মীদের এক বছরের বেশি বেতন বকেয়া আছে। বর্তমানে বেতন-ভাতা বাবদ কর্মীদের কাছে প্রতিষ্ঠানের প্রায় ২০ কোটি টাকা বকেয়া দেনা পড়ে আছে।
কল্যাণপুর বাস ডিপোর একজন চালক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জুনের ১০ তারিখের দিকে গত মাসের বেতন পেয়েছেন। তবে পুরোনো পাঁচ মাস মাসের বেতন আটকা আছে। ঈদের আগে বেতন-বোনাস না পেলে পরিবারের কাছে লজ্জায় পড়তে হবে। তিনি আরও বলেন, সবাই জানে তাঁর সরকারি চাকরি। বেতন হয় না, এটা স্বজনদেরও বোঝানো কঠিন।