দেনায় পেরেশান বীরাঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতাযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করতেন তিনি। এ কারণে পাকিস্তানি সেনারা তাঁর বাড়িতে হামলা চালিয়েছিল। করেছিল নির্যাতন। এর পর থেকে শুরু হয় সামাজিক অবহেলা আর অপমান। এসব কষ্ট বুকে নিয়েই বেঁচে আছেন কুষ্টিয়ার বীরাঙ্গনা রাবেয়া খাতুন।৬৫ বছর বয়সী রাবেয়ার সংসারে তিন ছেলে ও দুই মেয়ে। ক্যানসারে আক্রান্ত হয়ে বছর পাঁচেক আগে তাঁর স্বামী গোলাম রহমান মারা যান। তিনি থাকেন কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা গ্রামের একটি ছাপড়া ঘরে ছোট ছেলে আফাজ উদ্দিন ও তাঁর স্ত্রীর সঙ্গে। আফাজ ভ্যান চালিয়ে সংসার চালান।গত সোমবার দুপুরে শহরের মজমপুর এলাকায় কথা হয় রাবেয়ার সঙ্গে। সেখানে একজনের কাছে ঈদের একটি শাড়ি কেনার টাকা চাইতে এসেছিলেন। রাবেয়া বলেন, ‘ব্যাটা, ঈদের সাহায্যের জন্যিই ঘুরি বেড়াচ্ছি। ছাওয়ালের সংসারি থাকি। কোনো রকম চইলি যায়। স্বামীর চিকিৎসার জন্যই পিরায় (প্রায়) এক লাখ ট্যাকা দিনা হয়ছিল। সেই ট্যাকা শোধ করতে পারছিনে। ঈদে এখনো একটা শাড়ি কিনতেও পারিনি।’ মজমপুর থেকে প্রকাশিত দৈনিক আন্দোলনের বাজার সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুজ্জামান জানান, তিন বছর ধরে তিনি প্রতি ঈদে রাবেয়া খাতুনকে সাহায্য দিয়ে আসছেন। দুই বছর আগে তাঁকে গাভি দেওয়া হয়েছিল। তবে দেনার টাকা নিয়ে রাবেয়া খাতুন খুব অসহায় হয়ে পড়েছেন।জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম উদ্দীন আহমেদ বলেন, জেলার কয়েকজন বীরাঙ্গনার মধ্যে রাবেয়া খাতুন গেজেটভুক্ত। তাঁর পরিবার খুবই গরিব। সরকারিভাবে যখন যা পাওয়া যায়, তা তাঁকে দেওয়া হয়। দু-এক দিনের মধ্যে তাঁকে শাড়ি ও চাল দেওয়া হবে।