দেনায় হারিয়ে যাচ্ছে তাঁতি পরিবারগুলো
‘তাঁত বন্ধ, তাই রাস্তার কাজ করছি; কুনু রকমে সংসার চালাচ্ছি। বাপ-দাদার আমল থিকি করি আসা কাজ বন্ধ করতিও খারাপ লাগি। তার পরও কী করব, এভাবে দেনার দায় মাথায় নি আর সম্ভব হচ্ছি না।’ কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের রহিমা খাতুন। শুধু রহিমা নন, এ গ্রামের তাজউদ্দিন, মুকুল হোসেন, শহিদুল ইসলাম, জহুরা খাতুন, জরিনা খাতুনসহ প্রায় ৯০০ পরিবারে একই হাহাকার।গত কয়েক বছরে দফায় দফায় সুতার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি ও তৈরি পণ্যের দাম কমে যাওয়ায় এই গ্রামের প্রায় ৭০০ হ্যান্ডলুম তাঁতকল বন্ধ হয়ে গেছে। অসহায় পরিবারগুলো সংসার চালাতে গিয়ে খুবই কষ্টে পড়ে। কেউ কেউ পেশা বদলে বেছে নিয়েছেন অন্য কাজ। ধ্বংস হতে বসেছে তাঁতপল্লির ঐতিহ্য। পৈতৃক পেশা আঁকড়ে যাঁরা এখনো তাঁতকল চালু রেখেছেন, তাঁরাও দেনায় জর্জরিত। সুতা আমদানিকারক চক্রের কাছে এই শিল্প জিম্মি হয়ে পড়েছে বলে দাবি করেছেন তাঁতিরা।সরেজমিনে মাগুরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের এক হাজার তিন শর মধ্যে ৯০০ পরিবার তাঁতকাজের ওপর নির্ভরশীল। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রামগুলোর প্রায় সব পরিবার সুতা জড়ানো, কাপড় তৈরি, কাপড় রং করাসহ বিভিন্ন কাজে জড়িত। গত তিন বছরে সুতার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি ও তৈরি পণ্যের দাম কমে যাওয়ায় ব্যবসায়িক মন্দার কারণে এসব গ্রামের অধিকাংশ মানুষ চরম অসুবিধায় পড়েছেন। দেনার দায়ে কমতে শুরু করেছে তাঁতকল। বাজারে তৈরি পোশাকের চাহিদা থাকলেও উৎপাদন খরচ বাদ দিয়ে কিছুই লাভ পাচ্ছেন না বলে জানিয়েছেন তাঁতিরা। ফলে তাঁরা পেশা বদল করে অন্য কিছু করার চেষ্টা করছেন।৪০ বছর ধরে তাঁতের কাজ করা জোয়াদ আলী প্রথম আলোকে বলেন, পৈতৃক সূত্রে তাঁর তিনটি হ্যান্ডলুম তাঁতকল রয়েছে। টাকার অভাবে দুটি বন্ধ হয়ে গেছে। যেটি আছে, সেটিও দেনায় চলছে। প্রতি সপ্তাহে ১২ থান গামছা তৈরি করা যায়। এখন এই গামছা তৈরি করতে খরচ হচ্ছে প্রায় দুই হাজার টাকা। প্রতি সপ্তাহে কিস্তির টাকা দিতে হচ্ছে এক হাজার ৪০০। খরচ-খাওয়া বাদ দিয়ে ঘর থেকেই পয়সা দিতে হচ্ছে। শতবর্ষী লিয়ামত মালিথা বলেন, ‘চার-পাঁচ বছর আগেও ৫০০ টাকায় সাত থান কাপড় বুনেছি। এখন ওই থান বুনতে লাগছে দুই হাজার ২০০ টাকা। আমরা শেষ হয়ে যাচ্ছি। ছেলেপুলে কেবা করি খাবি।’মাগুরা গ্রামের সমাজসেবক মোহাম্মদ দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, দিনে দিনে তাঁতসমৃদ্ধ মাগুরার তাঁত কমে যাচ্ছে। চার বছর আগেও এই গ্রামে ৯০০ তাঁতকল ছিল। এখন মাত্র ২০ শতাংশ আছে। দেনার দায়ে তাঁতিরা অন্য পেশায় ঝুঁকছেন। যাঁদের তাঁতকল এখনো চলছে, তাঁরা শুধু পৈতৃক পেশা ধরে রাখতেই এ কাজ করে যাচ্ছেন। সুতার দাম নিয়ন্ত্রণে ও সরকারি সহায়তা পেলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।