দেব দুলাল সভাপতি সুজন সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেব দুলাল বাড়ৈকে সভাপতি ও শেখ সুজনকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সম্মেলন শেষে গতকাল শনিবার রাতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে এই দুই নেতার নাম ঘোষণা করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় সম্মেলনের প্রথম পর্ব জিয়া হলে শুরু হয়। বিকেল পাঁচটায় একই স্থানে দ্বিতীয় অধিবেশন শুরুর কথা থাকলেও তা হয়নি। কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে রাতে খুলনা সার্কিট হাউসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। রাত সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউস ত্যাগ করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, রোববার (আজ) দিনের মধ্যেই নতুন কমিটি পাওয়া যাবে। কিন্তু রাত পৌনে ১০টার দিকে মহানগর ছাত্রলীগের বিদায়ী সভাপতি সফিকুর রহমান নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে দেব দুলাল বাড়ৈ ও শেখ সুজনের নাম ঘোষণা করেন। সকালে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহামুদ হাসান। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক।