দেবরের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন দেবর। নরসিংদী সদর উপজেলায় গত রোববার গভীর রাতে দেবরের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু হয়েছে। অনৈতিক কাজে বাধা দেওয়ায় তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে দেবরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দিয়েছে।গৃহবধূর নাম বিজলী বেগম (২০)। তিনি নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের আলমগীর মিয়ার স্ত্রী। তাঁদের সাত মাসের একটি ছেলে রয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, কাজিরকান্দি গ্রামের নোয়াব আলীর ছেলে আলমগীরের সঙ্গে দেড় বছর আগে বিজলীর বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় আলমগীর সৌদিপ্রবাসী হন। এর পর থেকেই বিজলীকে উত্ত্যক্ত করেন আলমগীরের ছোট ভাই জাহাঙ্গীর আলম (২৫)। সর্বশেষ রোববার গভীর রাতে বিজলীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা চালান তিনি। বাধা দিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁকে গুরুতর আহত করেন জাহাঙ্গীর। এ ঘটনার পর পরিবারের লোকজন আহত বিজলীকে হাসপাতালে না নিয়ে বাড়িতেই ফেলে রাখে বলেও অভিযোগ উঠেছে। পরে প্রতিবেশীরা গ্রাম পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জাহাঙ্গীরকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবারের কেউ মামলা করেনি।ঘটনার পর থেকে জাহাঙ্গীরের মাসহ পরিবারের অন্য সদস্যরা গা ঢাকা দিয়েছেন। অভিযোগের বিষয়ে কারও কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।