দেবরের দেওয়া আগুনে জীবন গেল গৃহবধূর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাওয়াইকান্দী গ্রামের গৃহবধূ রিতা মণ্ডল (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে মারা গেছেন।অভিযোগ রয়েছে, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে দেবর জীবন কীর্তনিয়া গত মঙ্গলবার ওই গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।এ ঘটনায় রিতা মণ্ডলের ভাই নারায়ণ মণ্ডল বাদী হয়ে পরদিন বুধবার জীবন কীর্তনিয়া, তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা কীর্তনিয়া, ভাবি ঝর্না রানী ও ঝর্না রানীর বাবা পরীক্ষিত মণ্ডলকে আসামি করে ভেদরগঞ্জ থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পুলিশ প্রিয়াঙ্কা কীর্তনিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।ভেদরগঞ্জ থানা ও গ্রামবাসীর অনেকে জানান, রিতা মণ্ডল নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইচপাড়া গ্রামের মৃত প্রিয়নাথ মণ্ডলের মেয়ে। আট বছর আগে ভেদরগঞ্জের বাওয়াইকান্দী গ্রামের সত্য রঞ্জন কীর্তনিয়ার ছেলে সনাতন কীর্তনিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। জমি নিয়ে দীর্ঘ দিন ধরে জীবন কীর্তনিয়ার সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার সনাতন কীর্তনিয়া কাঠমিস্ত্রির কাজে বাড়ির বাইরে যান। ওই দিন বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে জীবন কীর্তনিয়া রিতার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটায় ওই দিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা একটার দিকে তিনি মারা যান।রিতার মা সৌরবালা মণ্ডল (৭০) বলেন, ‘বিয়ের পর থেকেই ওরা আমার মেয়েকে মারধর করত। মেয়ের সুখের জন্য আমি অনেক টাকাপয়সা দিয়েছি। আলাদা সংসার করার জন্য জামাইকে ঘরও তুলে দিয়েছি। কিন্তু তারা আমার মেয়েকে বাঁচতে দিল না। আমার মেয়ের ফুটফুটে দুটি শিশুসন্তান এতিম হয়ে গেল। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’সনাতন কীর্তনিয়া বলেন, ‘ওদের নির্যাতনে আমি অতিষ্ঠ হয়ে স্ত্রীকে নিয়ে আলাদা সংসার পেতেছি। কাঠমিস্ত্রির কাজ করে ছেলেমেয়ে নিয়ে ভালোই ছিলাম। আমার সুখের সংসার ওরা ছারখার করে দিল।’রিতা মণ্ডল অগ্নিদগ্ধ হওয়ার পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন পলাতক। বারবার চেষ্টা করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, রিতার ভাইয়ের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এরই মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।