দেবরের রামদায়ের কোপে দুই পা হারালেন সালমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সালমা l প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সালমা l প্রথম আলো

‘যখন রামদা দিয়া কুপাইছে তখন একবার খালি বুঝছিলাম, আমার এক পা মনে হয় নাই। আরেক পা দেখোনের সুযোগ পাই নাই। হুঁশ আছিল না। ঢাকার পঙ্গু হাসপাতালে আসার পর প্রথম জানছি আমার দুই পাও নাই। তখন খালি কানছি।’
কথাগুলো বলছিলেন সালমা। তাঁর হাঁটুর নিচ থেকে দুই পা কাটা। পা দুটো ব্যান্ডেজে বাঁধা। ডান হাতের কবজি হাতের সঙ্গে একটু লেগে ছিল। পঙ্গু হাসপাতাল থেকে তাঁর বিচ্ছিন্নপ্রায় হাতের কবজিতে রড লাগানো হয়েছে। এখন কবজিটি ব্যান্ডেজে মুড়িয়ে রাখা। পেটের ভেতরে ছিদ্র করে একটি নল লাগানো। নল দিয়েই তিনি এখন প্রস্রাব করেন। কেননা, এলোপাতাড়ি কোপানোর সময় সালমার যৌনাঙ্গের আশপাশের মাংসও উপড়ে ফেলা হয়েছে। সেখানে এখন শুধু বড় একটি গর্ত।
গৃহিণী সালমার এই হাল করেছে তাঁর দেবর রেজাউল ব্যাপারী। সালমার অপরাধ শ্বশুর তাঁকে বেশি আদর করেন। সালমার স্বামীর নামে শ্বশুর বেশ খানিকটা জমি দলিলও করে দিয়েছেন। সালমার বুদ্ধিতেই এসব হচ্ছে বলে ধারণা দেবরের।
সালমা এখন ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে। গত রোববার সকাল সাড়ে নয়টার দিকে মাদারীপুরের রাজৈর থানার পূর্ব সরমঙ্গল গ্রামে সালমাকে কোপানোর পর তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তারপর রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেিডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাঁর যৌনাঙ্গের চিকিৎসা করা বেশি জরুরি। সেখানে পুঁজ জমেছে বলে জানালেন সালমার বোন মাহমুদা।
সালমার চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এ জেড এম মোস্তাক হোসেন প্রথম আলোকে বলেন, সালমার হাত ও পায়ের আরও এক্স-রে করতে হবে। হাতটি শেষ পর্যন্ত কতটুকু কাজ করবে তা এখনই বলা সম্ভব না। যৌনাঙ্গে সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হবে।
সালমার বিয়ে হয়েছে ১৫ বছর আগে। স্বামী শামসুল হক ব্যাপারী কৃষিকাজের পাশাপাশি চাতালে কাজ করেন। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে। ১৩ বছর বয়সী ছেলের বুদ্ধি কম। শারীরিকভাবেও প্রতিবন্ধী। ১১ বছর বয়সী মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ছে। ছোটটার বয়স ৮ বছর। মাত্র ১৪ বা ১৫ বছর বয়সে সালমার বিয়ে হয়।
সালমা আস্তে আস্তে কথা বলছিলেন। তবে রাগে-দুঃখে সারা শরীর কাঁপছিল। তিনি জানালেন, এই দেবর দীর্ঘদিন ধরেই তাঁকে মারার চেষ্টা করছিল। স্বামী সব সময় দেবরকে এড়িয়ে চলার পরামর্শ দিতেন। ঘটনার দিন স্বামী ও শ্বশুর বাড়ি ছিলেন না। দেবরের হাতে রামদা দেখে সালমা দৌড়ে পাশের বাড়িতে যেতে চেষ্টা করেন। তবে দরজার চৌকাঠে পড়ে যান। তখন সেখানেই দেবর কোপাতে থাকে। ঘরের ভেতরে থাকা নারীরা ভয়ে কেউ বের হননি। ঘটনার প্রায় ঘণ্টা খানেক পর সালমাকে হাসপাতালে নেওয়া হয়।
সালমা প্রথম আলোকে বলেন, ‘আমি চাই ওর ফাঁসি হোক। কানে যদি শুনতে পাই ফাঁসি হইছে, তাইলে মসজিদে এক জুম্মা মানুষ খাওয়ামু। আমার তিন সন্তানরে এতিম করবার চাইছে। ও যেন কোনোভাবেই ছাড়া না পায়।’
২৬ অক্টোবর সালমার এক বোনের স্বামী বাদী হয়ে রাজৈর থানায় মামলা করেছেন। সালমার স্বামী শামসুল হক নিজেই মামলার বাদী হতে চান বলে মুঠোফোনে জানান। এখন তিনি ছেলেমেয়েদের দেখার জন্য মাদারীপুর আছেন।
শামসুল হক বলেন, ‘ওরে আমার ভাই বইল্যা পরিচয় দিতেও লজ্জা করে। আমার আরেক ভাই আবদুল হকও এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পর থেইক্যা দুই ভাই পরিবার নিয়া পলাতক। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) আফসার উদ্দীন মোল্লা বলেন, মামলার বাদী পরিবর্তন করতে হলে আদালতের অনুমতি লাগে। হত্যার চেষ্টায় মারধরের মামলাটিতে আবদুল হক ব্যাপারী, রেজাউল ব্যাপারী ও এলিনা বেগমের নামে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।