কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে সমর্থকদের স্বাক্ষর জাল করার অভিযোগে মেয়র পদে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন খোদেজা বেগম ও মো. জহিরুল হক। এ দুজন সম্পর্কে দেবর-ভাবি।
মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে মো. জহিরুল হক বলেন, ‘আমার মনোনয়নপত্রের সঙ্গে যে ১০০ সমর্থকের সইসহ কাগজ জমা দেওয়া হয়েছে তার মধ্যে একজনের সই তুলনা করে মিল না পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আমি আগামীকাল (আজ রোববার) কুমিল্লা জেলা প্রশাসকের কাছে আপিল করব।’
খোদেজা বেগম বলেন, ‘আমার একজন সমর্থকের সইয়ের সঙ্গে তাঁর ভোটার আইডি কার্ডের সইয়ের মিল না পাওয়ায় আমার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আমি এ বিষয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ জামিল বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের ১০০ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিতে হয়। আর সেই ১০০ ভোটারের মধ্যে ৫ জনের নাম তদন্ত করতে প্রার্থীরাই দিয়েছেন। দুই প্রার্থীর ক্ষেত্রে একজন করে সই দেননি বলে তদন্তে আমাকে জানিয়েছেন। এ জন্য খোদেজা বেগম ও মো. জহিরুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে জেলা প্রশাসকের কাছে আবেদন করার সুযোগ পাবেন তাঁরা।