দেবহাটায় ট্রাকের ধাক্কায় চাল ব্যবসায়ী নিহত
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা মোড়ে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে গতকাল শুক্রবার ট্রাকের ধাক্কায় মহাদেব ঘোষ (৪০) নামের এক চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় কেনা সরকার (৪৫) নামের একজন আহত হন।
নিহত মহাদেব ঘোষ দেবহাটার চণ্ডীপুর গ্রামের রঞ্জন কুমার ঘোষের ছেলে। আহত কেনা সরকার একই গ্রামের হরিপদ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাল ব্যবসায়ী মহাদেব ঘোষ ও কেনা সরকার গ্রামের বাড়ি থেকে সাইকেলে করে পারুলিয়া যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে ধোপাডাঙ্গা মোড়ে কালীগঞ্জগামী একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মহাদেব নিহত হন। কেনা সরকার আহত হন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসিমা ফারহানা বলেন, কেনা সরকারের অবস্থা আশঙ্কাজনক।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।