দেবহাটায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দেবহাটার পারুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের দাবি, জামায়াত-শিবির এ কাজ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সোয়া আটটার দিকে আবু রায়হান কয়েকজনকে নিয়ে পারুলিয়া বাজারের মোমেনা বস্ত্রালয়ের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ১০-১২ জন মুখোশধারী রাম দা নিয়ে ‘আওয়ামী লীগের নির্যাতন বন্ধ হোক’ স্লোগান দিতে দিতে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ভয়ে লোকজন দোকানপাট বন্ধ করে পালিয়ে যান। আবু রায়হানের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান প্রথম আলো ডটকমকে জানান, জামায়াত-শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে আবু রায়হানকে হত্যা করেছে। এর আগেও জামায়াত-শিবিরের কর্মীরা পারুলিয়া বাজারে তাঁর ব্যক্তিগত অফিস ভাঙচুর করে আসবাবপত্র পুড়িয়ে দেয়।
দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুর মোহাম্মদ প্রথম আলোর কাছে দাবি করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও তাঁর ব্যবসায়িক দ্বন্দ্বে আবু রায়হান খুন হয়ে থাকতে পারেন। এই ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোরবান আলী প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা আবু রায়হানকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।