দেবহাটায় গায়ে আগুন ধরিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামে গত সোমবার পিংকি আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। মৃত পিংকির মা ও এক বোন জানান, প্রেমিক বিয়ে করবে না—এ কথা জানতে পেরে সে আত্মহত্যা করে।স্থানীয় সূত্র জানায়, বহেরা গ্রামের কুয়েতপ্রবাসী আবদুল গফফারের মেয়ে পিংকি উপজেলার কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ত।মৃত পিংকির পরিবারের সদস্যরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে বাড়িতে কেউ ছিল না। এ সময় পিংকি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পিংকিকে মৃত ঘোষণা করেন। পিংকি গায়ে অগ্নিসংযোগের আগে মাকে উদ্দেশ করে একটি চিরকুট লিখে গেছে। তাতে লেখা, ‘মা, আমি মন থেকে তোমাকে কিছু বলতে যাই না। কিন্তু কেন জানি না তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলি। আমি তোমাদের অনেক ভালোবাসি। তবুও আজ পরিস্থিতির শিকার হয়ে এ পথ বেছে নিতে হচ্ছে। আমি ছোট থেকে যেটা চেয়েছি, সেটা পেয়েছি। কিন্তু আজকে আমি যেটা চাচ্ছি, সেটা পেতে হলে হয়তো আমাকে অনেকের মনে কষ্ট দিতে হবে। তাই একবুক জ্বালা নিয়ে নিজেই পৃথিবী হতে বিদায় নিলাম।’পিংকির বড় বোন মনি আফরোজ গতকাল মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাসিন্দা মিলন সরদারের সঙ্গে পিংকির প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার সন্ধ্যায় মিলনের এক চাচাতো বোন এ নিয়ে পিংকিকে গালাগাল করেন এবং জানিয়ে দেন, মিলন তাকে (পিংকি) বিয়ে করবেন না। মনি আফরোজ বলেন, মিলনের চাচাতো বোনের কথার জের ধরেই পিংকি আত্মহত্যা করে।পিংকির মা ফিরোজা খাতুন বলেন, ‘যাদের জন্য তাকে (পিংকি) মরতে হলো, তাদের নাম বললে এলাকায় থাকা কঠিন হবে। এ জন্য সত্য গোপন করতে বাধ্য হয়েছি।’এ ব্যাপারে কথা বলতে মিলন সরদারের বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মিলনের মা রজিনা খাতুন দাবি করেন, পিংকির সঙ্গে তাঁর ছেলের কোনো সম্পর্ক ছিল না।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পিংকির ভাই ফিরোজ হাসান একটি অপমৃত্যুর মামলা করেছেন। মঙ্গলবার (গতকাল) সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পিংকির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।