দেবহাটায় জামায়াতের এক কর্মী আটক
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জিয়াউর রহমান নামে জামায়াতের এক কর্মীকে গতকাল মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের সদস্যরা আটক করেছেন। তিনি ওই উপজেলার নারকেলি গ্রামের বাসিন্দা। জিয়াউর আফগানিস্তানে তালেবান জঙ্গিদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে বলে জানা গেছে। সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) এস এম মনির-উজ-জামান গতকাল বিকেলে জানান, জিয়াউর রহমান দীর্ঘদিন আফগানিস্তানে তালেবান জঙ্গিদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। দেশে ফিরে তিনি জামায়াতের নেতা-কর্মীদের আগ্নেয়াস্ত্র পরিচালনা ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করতেন। জামায়াতের চার নেতা গ্রেপ্তার হওয়ার পর তিনি নতুন করে তৎপরতা শুরু করেন। এ ধরনের তথ্য পাওয়ার পর পুলিশ গতকাল দুপুর ১২টার দিকে জিয়াউরকে দেবহাটা উপজেলার সখীপুর মোড়ের একটি চায়ের দোকানের সামনে থেকে আটক করে। এসপি আরও জানান, জিয়াউর জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।জিয়াউর রহমান দাবি করেন, তিনি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নন। জামায়াতের একজন কর্মী। আফগানিস্তানে ছিলেন কি না, এমন প্রশ্নের কোনো জবাব তিনি দেননি।