দেবহাটায় টর্নেডোয় ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ২৫
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাঁচটি গ্রামে গতকাল রোববার সকাল আটটার দিকে টর্নেডোর আঘাতে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় অসংখ্য গাছপালা উপড়ে গেছে। দেয়ালচাপা পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। গাছের ডালপালা ও দেয়ালচাপা পড়ে ২৫ জন আহত হয়েছে।
উপজেলার মাঘরি গ্রামের আবদুর রহমান ও ইউনুস আলী জানান, সকাল আটটার দিকে উপজেলার চণ্ডীপুর, মাঘরি, কোড়া, পাচপোতা ও রহিমপুর গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এতে ওই সব গ্রামের ২০-২৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। অর্ধশতাধিক ঘরের টিনের চাল উড়ে গেছে এবং অন্তত ১০টি ঘরের দেয়াল ধসে পড়েছে।
গাছের ডাল ও ঘরের দেয়াল ভেঙে পড়ে যাঁরা আহত হয়েছেন তাঁরা হলেন, কোড়া গ্রামের ওসমান গনি, আবু রায়হান, হোসেন আলী, মোসলেমা খাতুন, শাহানারা বেগম, ফজিলা বিবি, নাছিমা খাতুন, মনিরা বেগম, মাঘরি গ্রামের রেহেনা খাতুন, সুকুমার ঘোষ, বাসন্তী ঘোষ, শেফালী ঘোষ, হূদয় হোসেন, কাঞ্চন ঘোষ, লাকী ঘোষ; পাঁচপোতা গ্রামের ইউনুস আলী, আনোয়ারা খাতুনসহ ছকিনা বিবি ও মিতা আফরিন। তাঁদের দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝড়ে মাঘরি গ্রামে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এ সময় কোড়া রজব আলীর একটি ও সুকুমার ঘোষের একটিসহ চারটি গরু দেয়ালচাপায় মারা গেছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন তরিকুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে।