দেবহাটায় ত্রাণের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক সপ্তাহ ত্রাণ বিতরণ বন্ধ থাকায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার বানভাসি মানুষ গত শনিবার সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে। দুপুর সাড়ে ১২টায় ত্রাণের দাবিতে তারা সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটার গাজিরহাটে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে।অবরোধ চলাকালে বক্তারা বলেন, এক মাসেরও বেশি সময় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দুটি ওয়ার্ড সম্পূর্ণ এবং একটি ওয়ার্ড আংশিক বন্যার পানিতে তলিয়ে আছে। এসব এলাকার বানভাসি সহস্রাধিক পরিবার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। ঈদের দুদিন আগে তাদের ত্রাণের চাল দেওয়া হয়। এর পর থেকে ত্রাণ দেওয়া বন্ধ রয়েছে। বর্তমানে বানভাসি পরিবারগুলো অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে।বক্তারা অবিলম্বে সাতক্ষীরার বন্যাকবলিত এলাকাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা, পানি নিষ্কাশনের ব্যবস্থা, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ, নদী ও খালের ইজারা বাতিল, অপরিকল্পিত চিংড়ির চাষ বন্ধের দাবি জানান।