দেবহাটায় বাঁধ ভেঙে আরেক গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভাঙা বাঁধ গত ছয় দিনেও মেরামত করা যায়নি। গত শনিবার রিং বাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়। এর আগে বাঁধ ভেঙে আরও চারটি গ্রাম প্লাবিত হয়। ইতিমধ্যে দুই গ্রামের হাজার দেড়েক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শতাধিক পরিবার পাউবোর বাঁধে আশ্রয় নিয়েছে। তলিয়ে গেছে অনেক ফসল ও বীজতলা।এদিকে, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সন্ধ্যায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে পাউবো কর্তৃপক্ষকে দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দেন।সুশীলগাতি এলাকায় বাঁধের ২০০ মিটার এলাকা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভেঙে যায়। এতে ইছামতী নদীর পানিতে সুশীলগাতি, শিবনগর, শ্রীপুর ও দেবহাটা গ্রাম কম-বেশি প্লাবিত হয়। শতাধিক ছোট-বড় চিংড়ির ঘের প্লাবিত হয়। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পাউবোর সহযোগিতায় গ্রামবাসী দফায় দফায় রিং বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে ওই রিং বাঁধ ভেঙে টাউনশ্রীপুর গ্রাম প্লাবিত হয়।সুশীলগাতি গ্রামের হারুণ খান, শহীদুল হোসেন এবং শিবনগর গ্রামের আজগর আলীসহ শতাধিক পরিবারের কাঁচা ঘর ধসে পড়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, শিবপুর ও সুশীলগাতি গ্রামের ৩০০ পরিবারের হাজার দেড়েক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাউবো, সাতক্ষীরা বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমান জানান, রিং বাঁধ দেওয়ার চেষ্টা করেও সফল হওয়া যায়নি। জরুরিভিত্তিতে কীভাবে পানি আটকানো যায়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।